রিয়ার বিরুদ্ধে মামলার পর রহস্যময় টুইট মহেশ ভাটের

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০১:৪৯ পিএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার তার প্রেমিকা রিয়া চক্রবর্তীসহ কয়েকজনের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছেন সুশান্তর পরিবার। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যার প্ররোচনায় অভিযোগ), ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬, ৪২০ ধারায় বাঙালি অভিনেত্রীর পুরো পরিবারের বিরুদ্ধে পাটনার রাজীব নগর থানায় অভিযোগ জানান প্রয়াতের বাবা কেকে সিং।

মামলা দায়েরের পরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রিয়া। তার আইনজীবী সতীশ মানেসিন্ধে জানিয়েছেন মুম্বাইয়ে তদন্তভার স্থানান্তরিত করা হোক, আদালতের কাছে আরজি জানিয়েছেন নায়িকা।

এর পর বুধবার পরিচালক মহেশ ভাট একটি রহস্যময় টুইট পোস্ট করেন। রিয়ার সঙ্গে সম্পর্ক ও সুশান্তকে নিয়ে মন্তব্য নিয়ে আগে থেকেই আলোচিত আলিয়া ভাটের বাবা। এ কারণে তার টুইটে হইচই পড়ে গেছে। 

তিনি লেখেন, “ফিরে আসবার মতো কোনো দুনিয়া নেই… এটা ভঙ্গুর ও পরিশ্রান্ত। আমাদের ফিরে আসতে হবে এই টুকরো টুকরো হয়ে ভেঙে যাওয়া পৃথিবীতে এবং আবারও সেটা গড়ে তুলতে হবে ইটের পর ইট সাজিয়ে।”

এর আগে সোমবার পুলিশের জেরায় সুশান্তকে ‘সড়ক টু’ ছবি অফার করার খবর অস্বীকার করেন মহেশ ভাট। তিনি বলেন, জীবনে মাত্র দুইবার প্রয়াতের সঙ্গে দেখা করেছেন। এর মধ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে সুশান্তর অসুস্থতার খবর জেনে বান্দ্রার অ্যাপার্টমেন্টে দেখা করতে এসেছিলেন।

নিজের ‘শিষ্যা’ রিয়া চক্রবর্তীকে কি সুশান্তর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন মহেশ ভাট? জবাবে পরিচালক জানান, “এইগুলো সম্পূর্ন মিথ্যা রটনা। এই নিয়ে আমি ওকে কোনো পরামর্শ দিইনি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত