নির্বাসনের কারণ আজও অজানা আজহারউদ্দিনের

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০২:১৯ পিএম

ম্যাচ গড়াপেটার অভিযোগে টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আদালতের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে ফের ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে ফিরেছেন। কিন্তু সাবেক এই তারকা ক্রিকেটার জানালেন, নিষিদ্ধ হওয়ার কারণটা এখনো অজানা তার।

২০০০ সালের ডিসেম্বরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে আজহারউদ্দিনকে বিসিসিআই আজীবন নির্বাসনে পাঠায়। তবে দীর্ঘ লড়াইয়ের পরে তার বিরুদ্ধে নির্বাসন প্রত্যাহার করার জন্য বোর্ডকে নির্দেশ দেয় অন্ধ্রপ্রদেশ আদালত। ২০১২ সালে আদালত এটিকে “অবৈধ” বলে অভিহিত করে।

ক্রিকেট পাকিস্তান ডটকমের ওয়েবসাইটে দেওয়া একটি সাক্ষাৎকারে তার জীবনের অন্যতম কালো অধ্যায়ের কথা স্মরণ করে আজহারউদ্দিন বলেন, “যা ঘটেছে তার জন্য আমি কাউকে দোষ দিতে চাই না। তবে আমাকে নিষিদ্ধ করার কারণ আমি আজও সত্যিই জানি না।”

সাবেক এই মিডল অর্ডার ব্যাটসম্যান আরও বলেন, “তবে আমি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমি কৃতজ্ঞ যে ১২ বছর পর আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। তারপর হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছি। এরপর আমি বিসিসিআইয়ের এজিএম-এ যোগ দিয়ে আমি খুব সন্তুষ্ট বোধ করেছি।”

ভারতের জার্সিতে  আজহারউদ্দিন ৯৯টি টেস্ট খেলেছেন।  ৪৫ গড়ে করেছেন ৬ হাজার ১২৫ রান। ৩৩৪ ওয়ানডে ম্যাচ খেলে করেন ৯ হাজার ৩৭৮ রান।

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল অভিষেক টেস্ট থেকে ৩টি টানা সেঞ্চুরির করেছিলেন আজহারউদ্দিন। ২০১৯ সালে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার নামে একটি স্ট্যান্ড করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত