অবসাদ নিয়ে ভিডিও পোস্টের পরদিন ভারতীয় নায়কের আত্মহত্যা

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০৪:১০ পিএম

সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার মানসিক অবসাদের নেতিবাচক দিক নিয়ে ভিডিও পোস্ট করেছিলেন জনপ্রিয় মারাঠি অভিনেতা আশুতোষ ভাকরে। পরদিন অভিনেতার বিলাসবহুল ফ্ল্যাটে মিলল ঝুলন্ত দেহ।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ইতিমধ্যেই অভিনেতার মৃত্যুর কারণ অনুসন্ধানে জোরকদমে লেগে পড়েছে মহারাষ্ট্র পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, অবসাদে ভুগেই আত্মহত্যা করেছেন অভিনেতা।

তবে ৩২ বছর বয়সে কোন কারণ অভিনেতাকে এমন চরম সিদ্ধান্তের মুখে ঠেলে দিল, সেটাই ভাবিয়ে তুলেছে পুলিশকে।

বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের নানদেড়ের বাড়িতেই আশুতোষ গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মা-বাবা। এরপরই পুলিশের খবর দেন তারা। তবে কোনো রকম সুইসাইড নোট অবধি মেলেনি ওই ঘর থেকে। পুলিশের সঙ্গে বিস্তারিত কথা বললেও ছেলের মৃত্যুর জন্য কাউকে দায়ি করেননি অভিনেতার বাবা।

মৃত্যুর আগের দিনই আশুতোষ ভাকরে একটি ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে পরিষ্কার যে অবসাদে ভুগছিলেন তিনি। মানুষ কোন পরিস্থিতিতে পড়ে কিংবা কেন নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবে, ভিডিওটিতে সেই বিষয়েই আলোচনা করছিলেন তিনি।

অবসাদের জেরে আশুতোষ কোনো চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন কিনা কিংবা ওষুধ খাচ্ছিলেন কিনা, সে বিষয়েও জানা যায়নি কিছু। পাশাপাশি আশুতোষের অভিনেত্রী স্ত্রী ময়ূরী দেশমুখও কোনো মন্তব্য করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত