বিরামপুরে ৩৪২ বস্তা সরকারি চালসহ ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০৬:১৭ পিএম

দিনাজপুরের বিরামপুরে গভীর রাতে নবাবগঞ্জ থেকে নিয়ে আসা ট্রাকটর ভর্তি ৩৪২ বস্তা সরকারি চালসহ দবিরুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার বিরামপুর থানা পুলিশ বাদী  হয়ে মামলা করেছে। 

গ্রেপ্তার দবিরুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার দিয়া অটো রাইস মিলের মালিক। তিনি দাউদপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে বিরামপুর পৌর শহরের কলাবাগান মোড়ে চাল বোঝাই একটি ট্রাকটর উল্টে যায়। চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সীল থাকায় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিরামপুর থানার ওসি সহকারি কমিশনার (ভূমি) মোছা. মোহসিয়া তাবাসসুমসহকারে সেখানে উপস্থিত হন। তারা দেখতে পান যে প্রতিটি ৩০ কেজি বস্তায় এক পাশে খাদ্য অধিদপ্তরের সীল অন্য পাশে ‘দিয়া রাইস মিল’ এর সীল রয়েছে।  সরকারি বস্তায় চালের বিষয়ে দবিরুল কোন সদুত্তর দিতে পারেনি।  পরে পুলিশ ট্রাকটরটি জব্দ করে  ৩৪২ বস্তা  চালসহ দবিরুলকে গ্রেপ্তার করে। 

বিরামপুরের সহকারি কমিশনার (ভূমি) মোছা. মোহসিয়া তাবাসসুম জানান, চালগুলো নবাবগঞ্জে মিল থেকে বিরামপুরে একটি রাইস মিলে প্রসেসিং করার জন্য নিয়ে আসছিল বলে জানায়। তবে এসব চালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। সরকারি সীল যুক্ত বস্তায় ব্যক্তিগত চাল পরিবহনের কোন সুযোগ নেই। এ ঘটনায় পুলিশ মামলা করেছে।    

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বিরামপুর থানার উপপরিদর্শক হরিদাস বর্মণ বাদী হয়ে দবিরুল ইসলামসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা করেছে। আসামীকে  ‍ৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত