ঈদের পরও ক্রিকেটারদের একক অনুশীলন

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০৯:৪৭ পিএম

ঈদের পর শুরুতেই ক্রিকেটারদের দলগত অনুশীলনে ফেরানোর কথা ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরুতে একক অনুশীলনই চলবে। এরপর পরিস্থিতি উন্নতি হলে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে দলগত অনুশীলনের ভাবনার দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার।

বিসিবির অন্যতম পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন, ঈদের পর ৮ বা ১০ আগস্ট থেকে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু হবে আবারো।

সংবাদ মাধ্যমকে আকরাম বলেন, ‘ঈদের পর ৮ বা ১০ আগস্ট থেকে আবার শুরু করার কথা ভাবছি আমরা। আগের মতোই আগ্রহী ক্রিকেটারদের আমরা সূচি তৈরি করে দেব।’

দলগত অনুশীলনের ব্যাপারে বলেন, ‘আপাতত আমাদের ভাবনা, একক অনুশীলনই চলবে আরো অন্তত সপ্তাহখানেক। এরপর পরিস্থিতি যদি ভালো হয়, তাহলে ছোট গ্রুপে ৩ জন বা এরকম একসঙ্গে সুযোগ দেওয়ার কথা ভাবব আমরা।’

করোনা প্রাদুর্ভাবের কারণে মার্চ থেকেই দেশে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ ছিল। প্রায় চার মাস পর ১৯ জুলাই থেকে দেশের চার ভেন্যুতে বিসিবির তত্ত্বাবধানে একক অনুশীলন করার অনুমতি দেওয়া হয় ক্রিকেটারদের। বিসিবির তৈরি করে দেওয়া সূচিতে বেশ ক’জন শীর্ষ ক্রিকেটার মাঠে ব্যক্তিগত অনুশীলন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত