সমাজে অনিয়ম যখন নিয়ম হয় যায়, শিক্ষা যদি তার আদর্শ হারিয়ে হয় পথভ্রষ্ট। তখন একটু লক্ষ্য করলেই দেখা যায় সে সমাজের মাঝে ‘স্যাটায়ার’ চলছে। কমেডি ঘরানার এই সাত পর্বের ধারাবাহিক নাটক ‘জামাই আমার পয়সাওয়ালা’ মূলত একটা স্যাটায়ার। যেখানে ঘুষ খাওয়াটা কোন নিন্দনীয় ব্যাপার না, একটা গর্বের, একটা ঈর্ষণীয় ব্যাপার।
পুলিশি ঝামেলা এড়ানোর জন্য আরফান একটা বড় অঙ্কের ঘুষের টাকা তার কৃপণ শ্বশুরের ব্যাংক অ্যাকাউন্টে রাখার মধ্য দিয়েই গল্পটা শুরু হয়। কৃপণ শ্বশুরকে ব্যাপারটা চাপিয়ে রাখতে বললেও তিনি তা পারেন না। সবাই জেনে যায় তার জামাই একটা পয়সাওয়ালা ঘুষখোর জামাই। এতে করে সমাজে অধিকাংশ ক্ষেত্রেই আরফানের গ্রহণযোগ্যতা ও প্রভাব-আদর বেড়ে যায়। তৈরি করে স্যাটায়ার উপজীব্য বিষয়গুলো। তবে গল্পটা শেষ হয় তার জীবনের চরম বিপর্যয়ের মাধ্যমে। যা আমাদের সেই পুরোনো প্রবাদবাক্যের সত্যতাকে আবার সামনে নিয়ে আসে-সততাই জীবনের সর্বোৎকৃষ্ট পন্থা।
ঈদের ৭ পর্বের ধারাবাহিক ‘জামাই আমার পয়সা ওয়ালা’। ধারাবাহিকটি রচনা করেছেন মমর রুবেল এবং পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। জামাই চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান। এছাড়াও অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, ফারজানা রিক্তা, অরিন, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, সঞ্জয় রাজ, দিলু মজুমদার, তানভীর মাসুদ, সূচনা শিকদার, মীর জাহিদ হাসান প্রমুখ।
ধারাবাহিকটি কমেডি ধাঁচের গ্রামীণ পটভূমিতে লেখা। ইভ্যালি অন-লাইন শপ নিবেদিত ধারাবাহিকটি এসজে মোশন পিকচার্স এর ব্যানারে নির্মিত হয়েছে। প্রযোজনা করেছেন কাজী সাইফুল ইসলাম সোহেল। ঈদের ৭ দিন প্রচার হবে একুশে টিভিতে।
