দেশে স্বাস্থ্যব্যবস্থা একেবারেই ভঙ্গুর : ফখরুল

আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৫:৪২ এএম

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা একেবারেই ভঙ্গুর অবস্থায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাবুর এভাবে মৃত্যু এটা আরেকটা সত্য উদঘাটিত করেছে যে, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা একেবারেই ভঙ্গুর। এখানের স্বাস্থ্যব্যবস্থার প্রতি যে মানুষ আস্থা রাখতে পারে না বাবুর অসুস্থতা, তার চলে যাওয়া এটাই প্রমাণ করে।’

গতকাল বৃহস্পতিবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর বাসায় পরিবারের সদস্যদের সান্ত¡না জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘অনেকে অভিযোগ করে যে, দেশের জনগণ কেন দেশের বাইরে চিকিৎসার জন্য যায়? এজন্য যায় যে, এখানে আপনার ডায়াগনোসিস করা সম্ভব হয় না, ডায়াগনোসিস যেটা করা হয় তা সঠিক হয় না। সমস্ত ব্যবস্থাটা ইট সেলফ রোগীদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়ায়।’

শফিউল বারী বাবুকে ‘মেধাবী’ নেতা হিসেবে অভিহিত করে মির্জা ফখরুল বলেন, ‘বাবুর মতো একজন জনপ্রিয়, সচেতন রাজনৈতিক নেতা এভাবে চলে যাবে এটা আমরা কল্পনাই করতে পারিনি। তার অল্প সময়ের জীবনের ক্যারিয়ার বর্ণাঢ্য। তাকে শুধু বিএনপির জন্য নয়, দেশের মানুষের জন্য প্রয়োজন ছিল।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাবু এদেশের রাজনীতির ক্ষেত্রে একটা ব্যতিক্রম। আমি কিছুক্ষণ আগে তার স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম দুইটা বাচ্চা রেখে গেছে। মাথা  গোঁজার ঠাঁইটুকু নেই। এখনো ভাড়া বাসায় থাকে। এখন তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। আমার একটাই অনুরোধ থাকবে, তার পরিবার, স্ত্রী-সন্তানদের আমাদের নিজেদের মানুষ মনে করে আমরা যেন এগিয়ে আসি এবং সহযোগিতার হাত বাড়াই।’

তিনি বলেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বাবুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে জানাতে বলেছেন যে, তারা বাবুর পরিবারের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

এর আগে দুপুরে নিউ ইস্কাটনে শাইনপুকুর অ্যাপার্টমেন্টে প্রয়াত শফিউল বারী বাবুর বাসায় গিয়ে বিএনপি মহাসচিব বাবুর স্ত্রী বিথীকা বিনতে হোসাইনের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। বাবুর ছোট দুই ছেলে-মেয়ে ফাতেমা বারী তুহিন ও আয়হান বারী সাঈদকে কাছে নিয়ে আদর করেন মির্জা ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন, প্রকৌশলী ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, গোলাম সারোয়ার, ইয়াসীন আলী, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

একই দিন বেলা সাড়ে ১১টায় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রয়াত বাবুর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম বাবুল, আনিসুর রহমান তালুকদার খোকন, আকরামুল হাসান, যুবদলের মোরতাজুল করীম বাদরু, সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের ইকবাল হোসেন শ্যামলসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

গত ২৮ জুলাই শফিউল বারী বাবু ফুসফুস জটিলতায় আক্রান্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৫১ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত