৬১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৬:২৫ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আওতাধীন এলাকায় সরকারি সব সংস্থার প্রকল্প বাস্তবায়ন করতে অনুমতি নিতে হবে। রাজধানী ঢাকাকে নিয়ে আর যত্রতত্র প্রকল্প গ্রহণ করে দীর্ঘমেয়াদি ভোগান্তিতে ফেলা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ঢাকাকেন্দ্রিক আপনাদের যে কোনো প্রকল্প যে কোনো কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে সমন্বয় করে করতে হবে। আমাদের অনুমতি নিতে হবে। আমাদের পরিকল্পনার সঙ্গে আপনাদের সমন্বয় করতে হবে। এর বাইরে কোনো কার্যক্রম আমরা করতে দিতে পারি না।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়র হানিফ মিলনায়তনে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উত্থাপনকালে মেয়র এ কথা বলেন।

আগামী অর্থবছরের জন্য ৬ হাজার ১১৯ কোটি ৫৯ লাখ টাকার বাজেট দেন মেয়র। ঢাকায় যেসব সংস্থা কাজ করে তাদের উদ্দেশে মেয়র তাপস বলেন, যেসব সংস্থা ঢাকাকে নিয়ে কাজ করেন, ঢাকাকেন্দ্রিক আপনাদের যে কোনো প্রকল্প, যে কোনো কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে সমন্বয় করে করতে হবে। আমাদের অনুমতি নিতে হবে। আমাদের পরিকল্পনার সঙ্গে আপনাদের সমন্বয় করতে হবে। এর বাইরে কোনো কার্যক্রম আমরা করতে দিতে পারি না, যেটা ঢাকাবাসীর পক্ষে যাবে না। সুতরাং এগুলো দেখার দায়িত্ব আমাদের। ঢাকাবাসীর পক্ষে আমরা নিবিড়ভাবে সেটা দেখব। সুতরাং সব সংস্থাকে অনুরোধ করব আপনারা যদি কোনো প্রকল্প নেন তাহলে অতি অবশ্যই আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে সমন্বয় করে নিতে হবে।

তিনি বলেন, যদি অনুমতি না নেওয়া হয় প্রকল্প বাস্তবায়নের পরবর্তীতে কোনো বাধা আসে সেটার জন্য আমরা দায়দায়িত্ব নেব না। সরকারের কাছে আবেদন তুলে ধরে  মেয়র বলেন, ঢাকাবাসীর কল্যাণের লক্ষ্যে সরকারের কাছে আবেদন ঢাকাকে নিয়ে যে কোনো প্রকল্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে দেবেন আমরা সেটা সঠিকভাবে পূর্ণ বাস্তবায়ন করব। কিন্তু যত্রতত্র অন্য সব সংস্থাকে ঢাকার ওপরে কাটাকাটি করতে দেওয়া হবে না। ঢাকাকে নিয়ে ছেলেখেলা করার আর সুযোগ দেওয়া হবে না। যেটা করতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় করতে হবে। আগামী বছর থেকে যেহেতু জুলাইয়ের আগে বাজেট করতে চাই, তেমনি সুনির্দিষ্ট তারিখ করে দেব, সেই তারিখের মধ্যে সব সংস্থার প্রকল্পের বিষয়ে ডিএসসিসিকে জানাতে হবে। ডিএসসিসি সেটা সমন্বয় করে সেই প্রকল্প বাস্তবায়নে যদি ঢাকাবাসীর পক্ষে হয় অবশ্যই বাস্তবায়ন করতে দেব। কিন্তু এমন কিছু বাস্তবায়ন করা যাবে না যেটা ঢাকাবাসীর দীর্ঘমেয়াদি দুর্ভোগ হয় বা যেটার সুফল ঢাকাবাসী না পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত