পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৬:২৮ এএম

বাগেরহাটের রামপালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে খুলনা-মোংলা মহাসড়কের ভেকটমারি এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, মোস্তফা কামাল মাদক কারবারি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে খুনসহ ২৫টি মামলা রয়েছে। এ ছাড়া একই দিন ভোরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শুকনাভী চর এলাকায় বন্দুকযুদ্ধে বদরুল ইসলাম (২২) নামে এক চোরাকারবারি নিহত হয়েছে বলে দাবি করেছে বিজিবি। 

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের তাপ বিদ্যুৎকেন্দ্রের কাছে ভেকটমারি এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি মোস্তফা কামাল তার বাহিনীসহ অবস্থানের খবরে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি টিম। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে অস্ত্রধারী মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল. তিনটি গুলি, ধারালো অস্ত্র, একটি ম্যাগাজিন, ৫০০ ইয়াবা ও নগদ ৬৭ হাজার টাকাসহ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মোস্তফা কামালের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অপহরণ, নারী নির্যাতন ও অস্ত্র মামলাসহ ২৫টি মামলা রয়েছে।

বিজিবির আলীনগর ক্যাম্প কমান্ডার সুবেদার মোহাম্মদ আব্দুল কাদের জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার শুকনাভী চর এলাকায় চোরাকারবারিদের ভারত থেকে বিড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশের খবরে ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাই বিড়ি রেখেই পালিয়ে যায় কারবারিরা। একপর্যায়ে জব্দকৃত সেসব বিড়ি ক্যাম্পে নিয়ে আসতে চাইলে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির সদস্যদের ওপর হামলা চালায় চোরাকারবারিরা। এমনকি ৫০ হাজার বিড়ি ছিনিয়েও নেয় তারা। আত্মরক্ষার্থে বিজিবি এক রাউন্ড গুলি ছোড়ে। এতে চোরাকারবারিদের একজনের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত