করোনাকালে দেশের প্রায় সব জাতীয় ফেডারেশন তাদের সাধ্যমতো সহায়তা দিয়েছে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদ, কোচ, রেফারি, সংগঠকদের। ব্যতিক্রম কেবল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সমস্যাগ্রস্তদের সহায়তার প্রশ্নে বরাবরই ফিফার করোনা অনুদান পাওয়ার কথা বলে এসেছে সংস্থাটি। কিছুদিন আগে ফিফা তাদের প্রতিটি সদস্য দেশকে ১.৫ মিলিয়ন ডলার করে অনুদান দেওয়ার ঘোষণা দেয়। যদিও বাফুফে ফিফার কাছ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি বলে কোনো উদ্যোগও নেয়নি। অবশেষে গত বুধবার চিঠি পাওয়ার কথা জানিয়েছে তারা। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন দু’প্রস্থে ১০ লাখ ডলার দেবে ফিফা। আর মহিলা ফুটবল খাতে শর্তসাপেক্ষে আরও পাঁচ লাখ ডলার দেবে তারা। সব মিলিয়ে ১২ কোটি টাকার ওপর পাওয়ার পথ তৈরি হয়েছে বাফুফের। ফিফার কাছ থেকে মোটা অঙ্কের অনুদানপ্রাপ্তি নিশ্চয়তা পাওয়ায় প্রশ্ন উঠেছে এই বরাদ্দ কবে ও কোন খাতে খরচ করবে বাফুফে।
সোহাগ জানিয়েছেন সেটা ঠিক করতেই ঈদের পর সভায় বসবে বাফুফের কর্তারা, ‘প্রথম দফায় পাঁচ লাখ ডলার পেতে আমাদের আবেদন করতে হবে। সেই বরাদ্দ এ বছরের মধ্যে খরচ করে ফিফাকে সবকিছু অবহিত করতে হবে। এরপর তারা আগামী বছর জানুয়ারিতে দ্বিতীয় কিস্তির টাকা ছাড় করবে। মহিলা ফুটবলের বরাদ্দের জন্যও ফিফাকে আমাদের পরিকল্পনা জানাতে হবে। ফিফা এই অর্থ ব্যবহারের বেশ কিছু নির্দেশনা দিয়েছে। আমরা সেগুলো অনুযায়ী ফুটবলের সব স্টেকহোল্ডারদের প্রয়োজন মতো এই বরাদ্দ থেকে সহায়তা করব।’
