ইলেকট্রনিক চালানে পণ্য খালাস ৩১ ডিসেম্বর পর্যন্ত

আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৭:২৯ এএম

ইলেকট্রনিক চালান বা ডিজিটাল সনদে আমদানি পণ্য শুল্কায়ন ও খালাসের সময় ছয় মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। করোনার কারণে গত ৩০ জুন পর্যন্ত এ সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব আকতার  হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় এ আদেশ দেওয়া হয়েছে। ফলে এখন থেকে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় ইস্যুকৃত সার্টিফিকেট অব অরজিনের (উদ্যোক্তা সনদ) ডিজিটাল স্বাক্ষর কপি নিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত পণ্য চালান শুল্কায়ন ও ছাড়ের নির্দেশ দেওয়া হয়েছে।

২৯ জুলাই জারি করা নির্দেশনায় বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে সাফটার আওতায় ইস্যুকৃত সার্টিফিকেট অব অরজিনের ইলেকট্রনিক কপি নিয়ে সাময়িক শুল্কায়নের মাধ্যমে ৩০ জুন পর্যন্ত পণ্য চালান শুল্কায়ন ও ছাড়ের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আন্তঃদেশীয় বাণিজ্য সচল রাখতে উদ্যোক্তা সনদের ইলেকট্রনিক কপি নিয়ে পণ্য চালান শুল্কায়ন ও ছাড়ের নির্দেশনা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। একই সঙ্গে ইলেকট্রনিক কপি সংশ্লিষ্ট  দেশের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে যাচাই এবং কাস্টম হাউজ নমুনা স্বাক্ষর সার্টিফিকেটের স্বাক্ষর যাচাই করে পণ্য চালান শুল্কায়ন ও ছাড়ের নির্দেশ দিয়েছে এনবিআর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত