স্বাস্থ্য সমস্যায় ‘পড়েননি’ কোনো হাজি

আপডেট : ৩১ জুলাই ২০২০, ১২:২৪ পিএম

চলতি বছর পবিত্র হজে অংশ নেয়া কোনো হাজির এখন পর্যন্ত কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়নি বলে জানিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-আবদ আল-আলী।

হজের নিয়মিত সংবাদ সম্মেলনে আলী বৃহস্পতিবার মক্কায় সাংবাদিকদের বলেন, ‘আমি আবার নিশ্চিত করে জানাচ্ছি…করোনাভাইরাস কিংবা অন্য কোনো রোগের সমস্যার কথা এখনো পর্যন্ত কেউ জানাননি।’

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আয়োজকদের কার্যক্রমের কথা তুলে ধরে আলী জানান, স্বাস্থ্যকর্মীরা সব সময় সতর্ক। যেকোনো সমস্যায় তারা সাহায্য করছেন। হাসপাতালে বেড খালি আছে ১ হাজার ৪৫৬টি। এর মধ্যে ইনটেনসিভ কেয়ার ২৭২টি। আইসোলেশনে বেড ৩৩১টি। জরুরি বিভাগে দুই শতাধিক।

করোনার কারণে এবার হজ অল্প মানুষ নিয়ে হচ্ছে। নতুন রোগটির বিস্তার ঠেকাতে রীতিমতো মহাপরিকল্পনা হাতে নিয়েছে সৌদি সরকার। প্রথমবারের মতো রাখা হয়েছে নারী পুলিশ। হাজিরা যেন হাঁটার সময় সারি ঠিক রাখেন সেটি নিশ্চিত করতে সারির মাঝে স্বেচ্ছাসেবক এবং পুলিশ রাখা হয়েছে। বিশেষ অনুমতি ছাড়া কাউকে পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

আরব নিউজ জানিয়েছে, এত কিছুর পরেও কিছু ব্যক্তি নিয়ম ভেঙে কয়েকটি স্থানে প্রবেশের চেষ্টা করেন। তাদের সবাইকে ফেরত পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত