করোনা পরিস্থিতিতে ভারতে বারবার খবরের শিরোনাম হয়েছে ‘অসম্ভব’ সব বিদ্যুৎ বিল। বিলের বিভ্রান্তিকর সংখ্যা নিয়ে সরব হয়েছেন বলিউডের অনেক তারকা। এবার সাধারণ মানুষ থেকে তারকা সবাইকে বিস্মিত করে জানা গেল, জুন মাসে আশা ভোঁসলের লোনাভালার বাংলোয় বিদ্যুতের বিল এসেছে ২ লাখ রুপির বেশি।
এই প্রসঙ্গে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা জানিয়েছে, বিলে ভুল এসেছে কি-না তা খতিয়ে দেখতে সংগীতশিল্পীর হিল স্টেশনের ওই বাংলোয় রিডিং মিটার দেখা হয়েছে। সেটি আপাতত ঠিকঠাকই কাজ করছে। সুতরাং এই বিলে কোনো ভুল নেই!
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিভ্রান্তিকর বিদ্যুৎ বিল নিয়ে এখনো মন্তব্য করেননি আশা। তবে জানা গেছে, জুন মসে ওই বাংলোয় বিল এসেছে ২ লাখ ৮ হাজার ৮৭০ রুপি। অন্যদিকে আগের দুই মাসে ছিল যথাক্রমে ৮ হাজার ৯৯৬ ও ৮ হাজার ৮৫৫ রুপি।
মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ সরবরাহ সংস্থার মুখপাত্র বলছেন, আমরা আশা ভোঁসলের পরিবার থেকে অভিযোগ পেয়েছি। তারপরই পুনের এক সিনিয়র অফিসার তার বাংলোয় গিয়ে মিটার দেখে আসেন। সেখানে তিনি পরীক্ষা করে দেখেছেন, মিটারে কোনো ভুল নেই। কারণ মিটারটি কাজ করছে। এ ছাড়া ওই বাংলো এতদিন বন্ধও ছিল না। সেখানে শুটিংয়ের কাজও হয়েছে বেশ কয়েকবার।
তবে এটাই প্রথম নয়। ২০১৬ সালে বিভ্রান্ত বিল নিয়ে ফাঁপরে পড়েছিলেন ওই শিল্পী। এ নিয়ে বেশ তোলপাড় হয়েছিল।
