বিপিএলের বকেয়া নিয়ে এখনো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে বিসিবি

আপডেট : ০৩ আগস্ট ২০২০, ০৭:৪৩ পিএম

খেলোয়াড়দের বকেয়া সংক্রান্ত এক প্রতিবেদনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নাম আসার পর বিসিবি বলছে, সব অর্থ পরিশোধের চেষ্টা চলছে।

আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকার প্রতিবেদন থেকে জানা গেছে, বিপিএল-সহ মোট ছয়টি লিগের কিছু ক্রিকেটার নির্ধারিত সময়ের কয়েক বছর পরেও তাদের পারিশ্রমিক বুঝে পাননি।

ক্রিকইনফো জানিয়েছে, ঢাকার লিগে খেলা নিকোলাস পুরান এবং গুলাবদিন নাইব ২০১৮-১৯ আসরের পুরো পারিশ্রমিক আজও পাননি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী বলছেন, ‘বিসিবির জন্য এটা গুরুত্ব দেয়ার মতো বিষয়। আমরা গুরুত্ব দিয়েই দেখছি। ক্রিকেটার এবং ফ্রাঞ্চাইজির সঙ্গে আলোচনা করে আমরা অর্থ পরিশোধ করবো।’

ফিকার প্রতিবেদনে এও বলা হয়েছে, বাংলাদেশি ক্রিকেটারদের আইসিসি ইভেন্টেরও টাকা বাকি রেখেছে বিসিবি!

নিজামউদ্দিন অবশ্য এই দাবি অস্বীকার করেছেন, ‘প্রাথমিকভাবে এই পেমেন্ট দিতে আমরা অল্প কিছুদিন দেরি করেছিলাম। কিন্তু দ্রুত সব টাকা পরিশোধ করা হয়েছে।’

বিপিএলের জন্মলগ্ন থেকেই পারিশ্রমিক নিয়ে অভিযোগ ছিল। পরে বিষয়টি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে নীতিমালায় কিছু পরিবর্তন আনে বিসিবি। সেই পরিবর্তনের পর ২০১৯-২০ আসরে পারিশ্রমিক নিয়ে তেমন কোনো অভিযোগ ওঠেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত