স্মরণসভায় ফখরুল

আজকে রাজনীতিতে ভালো মানুষের জায়গা নেই

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৬:৩৮ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন একটা নষ্ট সময় আমরা অতিক্রম করছি। ভালো মানুষদের কোনো মূল্য নেই। বিশেষ করে রাজনীতিতে আজকাল ভালো মানুষের জায়গা নেই। গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল স্মরণসভায় এ কথা বলেন তিনি। দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আবদুল আউয়াল খানের মৃত্যুতে এ স্মরণসভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে শুধু বিএনপি নয়, দেশের রাজনীতিতে শূন্যতার সৃষ্টি হয়েছে। কারণ বাবু রাজনীতিকে সম্পদের পাহাড় তৈরির কাজে ব্যবহার করেননি। আজকের তরুণরা যারা রাজনীতি করছেন তারা তাকে অনুসরণ করতে পারেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আজকে দেশে ফ্যাসিবাদ চেপে বসেছে। সব অর্জন শেষ হওয়ার পথে। এই অবস্থায় আমরা লড়াই করছি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। এজন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। এ অবস্থায় আমাদের জনগণকে সংগঠিত করতে হবে তাদের হারিয়ে যাওয়া অধিকারগুলো ফিরিয়ে আনার জন্য।’

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে তরুণ প্রজন্মের অনেকেই অধৈর্য হয়ে পড়েন। এসেই সবকিছু পেতে চান। তাদেরকে মনে রাখতে হবে শফিউল বারী বাবু এক দিনে নেতা হননি। দীর্ঘ সময় রাজনীতি করে আজকের অবস্থানে এসেছিলেন।’ তিনি আরও বলেন, ‘দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। আর এ কারণে বাবু ও আউয়ালের মতো নেতারা সুচিকিৎসার অভাবে মারা গেছেন। স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার জন্যই তাদের অকালমৃত্যু হয়েছে।’

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত