টানা নবম লিগ শিরোপা নিশ্চিত হয়েছে জুভেন্তাসের। এমন একটি মৌসুম উৎসব উল্লাসে শেষ হওয়ার কথা তাদের। কিন্তু শেষটা হলো বিষাদে। শিরোপা নিশ্চিতের পর টানা দুই ম্যাচে হেরে লিগ শেষ করল জুভেন্তাস। শনিবার শেষ ম্যাচে এএস রোমার কাছে ৩-১ গোলে হেরেছে জুভরা। দুদিন আগে ক্যালিয়ারির কাছে হেরেছিল ২-০ তে। টানা দুই হারে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্তার মিলানের চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে থেকে লিগ শেষ করেছে তুরিনের জায়ান্টরা। শিরোপা সম্ভাবনা জাগিয়ে তোলা ইন্তারের পয়েন্ট শেষ পর্যন্ত ৮২, জুভেন্তাসের ৮৩।
সর্বশেষ ২০১৮’র এপ্রিলে নাপোলির কাছে ঘরের মাঠে হেরেছিল জুভেন্তাস। সেই থেকে লিগে কোনো দল জুভেন্তাসকে তাদের মাঠে হারাতে পারেনি। এই ধারাবাহিকতা ভাঙল রোমা। টানা দুই ম্যাচ হেরে শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগ শেষ ১৬-তে অলিম্পিক লিঁও’র বিপক্ষে ম্যাচ খেলতে হচ্ছে জুভদের। প্রথম লেগে ১-০ তে হেরে পিছিয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। এমন পরিস্থিতিতে কোয়ার্টার ফাইনাল মিসের ভয় আছে ইতালি জায়ান্টদের। কিন্তু কোচ মাউরিসিও সারি বললেন ‘হারের ভয়
থাকাটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে। লাজিও’র বিপক্ষে জয়ের পর টানা দুটি হার অপ্রত্যাশিত। এখন আমাদের ফেরার তাগিদ থাকবে। শারীরিক, মানসিক শক্তি বাড়ানোর চাপ থাকবে। লিঁও’র বিপক্ষে সবটুকু দিয়ে ঝাপিয়ে পরার প্রবল ইচ্ছা থাকবে। এটা নিশ্চিত করতে পারি শুক্রবারের ম্যাচটি আমাদের সামনে সম্পূর্ণ নতুন পরিস্থিতি নিয়ে আসবে। একদম অন্যরকম মানসিকতা নিয়ে আমরা মাঠে নামব।’
শিরোপা লড়াইয়ে জুভেন্তাসের নিকটতম প্রতিদ্বন্দ্বী
ইন্তার মিলান শেষ করেছে দ্বিতীয় হয়ে। এই স্থান দখলে লড়াই হয়েছিল ৩ দলের। ইন্তারের সঙ্গে ছিল আতালান্তা ও লাৎসিও। রবিবার নিজেদের মধ্য লড়েছে আতালান্তা-ইন্তার, যেখানে ২-০ গোলে জিতে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার দৌড় থামিয়েছে আতালান্তার। তাই ৭৮ পয়েন্ট নিয়ে ইন্তারের পেছনে থেকে শেষ করল লিগে নিজেদের রেকর্ড সংখ্যক পয়েন্ট অর্জন করা আতালান্তা।
তাদের সমান পয়েন্ট পেয়েও গোলগড়ে পিছিয়ে থাকায় চতুর্থ হয়েছে লাৎসিও। নাপোলির কাছে শেষ ম্যাচে ৩-১ গোলে হেরেছে তারা। তবে দলের স্ট্রাইকার চিরো ইমোবিলে গোল করে নিজের রেকর্ড লিখেছেন। লিগে ৩৬ গোল করলেন ইম্মোবিলে। ইতালিয়ান লিগে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড। ২০১৫-১৬ মৌসুমে নাপোলির হয়ে গনজালো হিগুয়েন ৩৬ গোল করেন। এছাড়া ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোল করে গোল্ডেন সু’ও পাচ্ছেন ইম্মোবিলে। ৩৪ গোল করা বায়ার্ন মিউনিখের বরার্ট লেভানদোস্কিকে পেছনে ফেলেছেন এই ইতালি স্ট্রাইকার। মাত্র দেড় মাসের ছুটির পর ১৯ সেপ্টেম্বর থেকে আবার শুরু হচ্ছে সিরি আ। সাধারণত সেপ্টেম্বরের ১০ তারিখের দিকেই নতুন মৌসুম শুরু হয়। তবে এবার ৯ দিন পিছিয়ে শুরু হবে মৌসুম।
