ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুদিনে দুটি বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) হাসিবা খান। গত সোম ও রবিবার দুটি অভিযানে এসব বাল্যবিবাহ পন্ড করা হয়।
জানা যায়, গত সোমবার উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয় বিদেশফেরত এক যুবকের সঙ্গে। খবর পেয়ে হাসিবা খানের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত রবিবার উপজেলার মেহারীতে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হলে হাসিবা খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তা পন্ড করে দেন। এ সময় ওই ছাত্রীর বাবা মেয়েকে ১৮ বছর হওয়ার আগে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।
হাসিবা খান বলেন, স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের নিয়ে অপরিণত বয়সে মেয়েদের বিয়ে না দিতে তাদের পরিবারকে বোঝানোর চেষ্টা করেছি।
