শেখ কামাল আসলে এক অনন্য মানুষ ছিলেন: তাপস

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৫:৩৭ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল অনেক গুণে গুণান্বিত ছিলেন। তিনি যেমন ছিলেন মেধাবী, তেমনি ছিলেন বড় মাপের সাংস্কৃতিক কর্মী। ক্রীড়াঙ্গনেও তার বিশাল অবদান ছিল। অসামান্য সাংগঠনিক দক্ষতার অধিকারী শেখ কামাল মুক্তিযুদ্ধেও সরাসরি অংশগ্রহণ করেছেন।

বুধবার সকালে শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, শেখ কামাল আসলে এক অনন্য মানুষ ছিলেন। অনেক গুণে গুণান্বিত এই মানুষটির বিচরণ যেমন ছিল ক্রীড়াঙ্গনে, সাংস্কৃতিক পরিমণ্ডলে, বিতর্ক প্রতিযোগিতায় এবং রাজনৈতিক অঙ্গনে। বলা যায়, কোথায় ছিলেন না তিনি!

তাপস বলেন, জাতির পিতার সন্তান হওয়া সত্ত্বেও শেখ কামাল একেবারেই সাধারণ জীবনযাপন করতেন। তার সাথে যারা এক মিনিটের জন্য একান্তে এসেছেন তারা এখনো তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার সাথে কাটানো মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেন।

ডিএসসিসি মেয়র বলেন, ১৫ আগস্ট আমরা তাকে হারিয়েছি। তিনি যদি বেঁচে থাকতেন, তাহলে জাতির পিতা যে স্বপ্ন দেখতেন, তা আরও আগেই তিনি বাস্তবায়ন করতেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।

মেয়র বলেন, আমাদের তরুণ সমাজ তার জীবন থেকে অনেক শিক্ষাগ্রহণ করতে পারেন। আমার মনে হয়, আমাদের তরুণ সমাজের কাছে তার জীবন ও কর্ম সম্পর্কে অনেক বার্তা পৌঁছে দেওয়ার কাজ বাকি রয়েছে। তার জীবন থেকে অনেক কিছু গ্রহণ করে এই দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, নতুন প্রজন্মের সেদিকে মনোনিবেশ করে নিজেদের গড়ে তোলা উচিত।

মেয়র বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের আজ ৭১তম জন্মবার্ষিকী। এখানে এসেছি তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার আত্মার মাগফিরাত কামনা করতে। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সাথে সাথে ১৫ আগস্ট যারা শাহাদত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত