বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বুধবার এক অনলাইন সভা করেছেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন। সভায় যুক্ত ছিলেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও ও অন্যান্য কোচিং স্টাফরাও।
মূলত রাসেল ডমিঙ্গোর উদ্যোগেই কার্স্টেন যোগ দিয়েছিলেন এ সভায়। এমনিতে খেলোয়াড়দের সঙ্গে কোচিং স্টাফের সদস্যরা নিয়মিত অনলাইন বৈঠক করেন। এদিনের সভাটি বিশেষ থাকায় জাতীয় দলের খেলোয়াড়দের বাইরেও উঠতি ক্রিকেটাররাও যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। সব মিলে ৩০-৩২ জন ক্রিকেটার ছিলেন কার্স্টেনের এই সেশনে।
নিজের খেলোয়াড়ি জীবন ও কোচিং জীবনের অভিজ্ঞতা ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করেছেন কার্স্টেন। এর আগে যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরামর্শক হিসেবেও কাজ করেছেন। ২০১৮ সালে স্টিভ রোডসকে কোচ হিসেবে নিয়োগের ক্ষেত্রে এই দক্ষিণ আফ্রিকান মুখ্য ভূমিকা পালন করেন।
প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের মতো ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন কার্স্টেন। জানা গেছে করোনা বিরতির পর ক্রিকেটে ফিরতে কোন বিষয়গুলোতে নজর দেওয়া জরুরি, সে নিয়ে আলোচনা করেছেন কার্স্টেন।
