গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে ও তার স্ত্রী গোপা দের বিরুদ্ধে গতকাল বুধবার পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) ঢাকা-১-এ মামলা দুটি করেন। মামলায় গোপা দের বিরুদ্ধে ৬ কোটি ৬২ লাখ ৬৮ হাজার টাকা ও উৎপল কুমার দের বিরুদ্ধে ১ কোটি ১৮ লাখ ১৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে। বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া (জি কে) শামীমের সঙ্গে যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন করার কথা বলা হয়েছে। গোপা দের বিরুদ্ধে করা মামলায় তার স্বামী উৎপল কুমারকেও আসামি করা হয়েছে।
গোপা দের বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, ‘আসামিরা অসৎ উদ্দেশ্যে দুর্নীতির মাধ্যমে ৬ কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৭৫৪ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন করেন। এই সম্পদ নিজেদের ভোগদখলে রেখে বৈধ করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে রূপান্তর, স্থানান্তর, হস্তান্তর করে অর্থ পাচার আইন ২০১২ ও দুদক আইন ২০০৪-এ শাস্তিযোগ্য অপরাধ করেছেন।’
এজাহারে আরও বলা হয়, ‘গোপা দের বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ ও অন্যান্য পারিপার্শ্বিক বিষয়াদি পর্যালোচনা করে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায় যে, গোপা দে ও তার স্বামী উৎপল কুমার দে যোগসাজশে দুর্নীতির মাধ্যমে এ সম্পদ আয় করেছেন।’
একইভাবে উৎপল কুমার দের বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, ‘একজন সরকারি কর্মচারী হয়ে অসৎ উদ্দেশ্যে দুর্নীতি এবং বিভিন্ন অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকার সম্পদ অর্জন করেন। তিনি অবৈধ উপায়ে অর্জন করা সম্পদ ভোগদখলে রেখে দুদক আইন ২০০৪ ও অর্থ পাচার আইনে অপরাধ করেছেন।
এজাহারে আরও বলা হয়েছে, উৎপল কুমার দের অর্জিত সম্পদে তার বেতনভাতা ছাড়া সুনির্দিষ্ট কোনো বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে তিনি সরকারি কর্মচারী হিসেবে দুর্নীতির মাধ্যমে অবৈধ পন্থায় অর্জিত সম্পদের মালিকানা অর্জন করেছেন।
