সহিংসতা ছাড়া সরকারি দলের নেতাকর্মীরা স্বস্তি পায় না : ফখরুল

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৭:১১ এএম

সহিংসতা ছাড়া সরকারি দলের নেতাকর্মীরা স্বস্তি পায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর পৈশাচিকভাবে আঘাত করার জন্য তারা নির্ঘুম রাত কাটায়। দিনেরাতে বিএনপি নেতাকর্মীদের যেখানেই পায়, সেখানেই আঘাত করতে ছুটে আসে। বিবৃতিতে নড়াইলের লোহাগড়া পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবদুুল জলিল মোল্লাকে দুর্বৃত্তদের কুপিয়ে জখমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, মূলত করোনা মহামারী, প্রলয়ংকারী বন্যা, ক্ষুধা, বেকারত্ব ইত্যাদির কারণে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি। অন্যদিকে চোখ ফেরাতেই সরকার বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর আক্রমণ চালিয়ে রক্তাক্ত করছে। সারা বাংলাদেশ এখন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। ভয় ও আতঙ্ক মানুষের নিত্যসঙ্গী। শুধু বৈশ্বিক মহামারী কোভিড-১৯-এর আতঙ্কই নয়, মিথ্যা মামলা-গ্রেপ্তার-হয়রানিসহ গুম ও বিচারবহির্ভূত হত্যার ভয়ও সাধারণ মানুষকে সারাক্ষণ উদ্বিগ্ন করে রাখে।

তিনি বলেন, ভোটারবিহীন অগণতান্ত্রিক সরকার জনরোষের ভয়ে সব সময় আতঙ্কিত থাকে বলেই সহিংস সন্ত্রাসকে আঁকড়ে ধরেছে। এ কারণেই লোহাগড়ার বিএনপি নেতা আবদুল জলিল মোল্লাদের মতো নিবেদিতপ্রাণ মানুষদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ধারালো অস্ত্র নিয়ে সরকারদলীয় সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জনপদে রক্ত ঝরাচ্ছে।

তিনি বলেন, নড়াইলের লোহাগড়া বিএনপি নেতা জলিল মোল্লার ওপর নৃশংস হামলা কাপুরুষোচিত, এটি বর্বরোচিত হামলার এক বীভৎস দৃষ্টান্ত। হত্যার উদ্দেশ্যেই এই অমানবিক সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে জড়িত দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমি আবদুল জলিল মোল্লার সুস্থতা কামনা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত