করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চব্বিশ ঘণ্টায় দেশে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৭০৮ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৯৭৭ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩০৬ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। এর মধ্যে ২ হাজার ৭৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য তুলে ধরা হয়।
চব্বিশ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.৪৩ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ এবং সুস্থতার হার ৫৭.৬১ শতাংশ।
নতুন মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ, সাতজন নারী।
এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে; চট্টগ্রাম বিভাগে রয়েছেন সাতজন, খুলনা বিভাগে তিনজন; রাজশাহী, বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে তিনজন করে, দুজন করে মৃত্যু হয়েছে সিলেট ও বরিশাল বিভাগে এবং একজনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে।
বয়স বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে ৬১-৭০ বছর বয়সীদের মধ্যে, নয়জনের মৃত্যু হয়েছে ৫১-৬০ বছর বয়সীদের মধ্যে এবং সাতজনের মৃত্যু হয়েছে ৭১-৮০ বছর বয়সীদের মধ্যে।
