সম্প্রতি মুক্তি পেল সৌগত দ্রুত’র প্রথম একক অ্যালবাম ‘অপ্রাপ্তি’। এই অবরুদ্ধ সময়ে সারা দুনিয়া যখন থেমে আছে, তখন থামেনি দ্রুত’র গান।
দ্রুত জানান ‘অ্যালবামটিতে সারথি, অপরাজেয়, ধোঁয়াশা, পরাজিত ও অপ্রাপ্তি শিরোনামে গান আছে মোট পাঁচটি। আইটিউনস, গানা, অ্যামাজন, গান, সাভানসহ প্রায় সকল আন্তর্জাতিক অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে অ্যালবামটি শোনা যাবে স্ট্রিম করে। এছাড়াও ইউটিউব ও স্পটিফাইতে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বিনা মূল্যে শোনা যাবে পুরো অ্যালবামটি।’
দ্রুতর গান-বাজনার চর্চা বেশ কম বয়স থেকেই। ঢাকার মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজও করেছেন বছরখানেক। বর্তমানে যুক্ত আছেন তার ব্যান্ড ‘অতলান্ত’ আর ‘অ্যালিস এন্ড দা ড্রান্কার্ড’ এর সঙ্গে। পাশাপাশি নিজের গান নিয়েও কাজ করে যাচ্ছেন।
২০১৩ সালের দিকে এই অ্যালবামের গানগুলো লেখা শুরু করেন দ্রুত। এই অ্যালবামের সবকটা গানের কথা ও সুর করেছেন দ্রুত নিজেই। ‘ধোঁয়াশা’, ‘পরাজিত’ ও ‘অপ্রাপ্তি’ এই তিনটি গানে দ্রুতর সঙ্গে সংগীতায়োজনে ছিলেন তপেশ চক্রবর্তী। রেকর্ডিং ও অডিও প্রোডাকশন হয়েছে চাকা ও ফক্স স্টুডিও থেকে এবং মিক্সিং-মাস্টারিং করেছে দ্রুত নিজে। অ্যালবামের ডিস্ট্রিবিউটর এমই লেবেল আর প্রচ্ছদ করেছেন অ্যালিস।
দ্রুত আরও জানান যে এই অ্যালবামের ‘সারথি’ গানটির মিউজিক ভিডিওর কাজ চলছে। এই বছরের শেষের দিকে মুক্তি দেবার পরিকল্পনা করছেন তিনি।
