করোনা প্রাদুর্ভাবের মাঝে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের জন্য ক্যাম্প করতে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বাফুফের পদক্ষেপের প্রশংসাই করছেন ক্রিকেট ব্যক্তিত্ব নাজমুল আবেদীন ফাহিম।
প্রাথমিক স্কোয়াডে থাকা ৩১ জন ফুটবলারের বুধবার থেকে ধাপে ধাপে গাজীপুরের সারাহ রিসোর্টে ক্যাম্পে যোগ দেওয়ার কথা। কিন্তু এর আগে বাফুফেতে রিপোর্টের পর করোনা পরীক্ষায় প্রথম দুই দিনে মোট ১০ জনের ফল পজিটিভ এসেছে। একজন আক্রান্ত হয়েছিলেন আগেই।
প্রথম দুই দিনে তাই ২৪ জনের মধ্যে কেবল ১৩জন সুস্থ ফুটবলার ক্যাম্পে যোগ দিতে পেরেছেন। শনিবার আরো ৭ ফুটবলারের করোনা পরীক্ষা করানো হবে। আক্রান্তের সংখ্যাটা বাড়ে কিনা এই শঙ্কা তো থাকছেই, সঙ্গে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা যা সেটাও বেশ ভয় জাগাচ্ছে।
গুরুত্বপূর্ণ এসব খেলোয়াড়ের সুস্থতাই বরং এখন বাফুফের জন্য বড় বিষয় হয়ে এসেছে। বাংলাদেশ দলের কোচ জেমি ডে এখনো ইংল্যান্ডে। সেখানে বসে তো তিনি চিন্তাতেই পড়ে গেছেন।
তবে এই পরিস্থিতে বাফুফেকে বরং সাধুবাদই জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। দেশের অভিজ্ঞ এই ক্রিকেট কোচ ফেইসবুকে দেওয়া বার্তায় ফুটবলারদের জন্যও জানিয়েছেন শুভ কামনা।
বিকেএসপিতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের বেড়ে ওঠার কারিগর লিখেছেন, ‘১১ জন ফুটবলারের করোনা আক্রান্ত হবার খবরটি সত্যি দুঃখজনক। এই সংখ্যাটি এত বড় হবে, আশা করিনি। বাফুফের জন্য সময় মত এই কঠিন সত্যের মুখোমুখি হওয়াটাও জরুরি ছিল।’
কেন জরুরি ছিল সেই ব্যাখ্যাও দিয়েছেন ক্রীড়াঙ্গনে ‘ফাহিম স্যার’ নামেই অধিক পরিচিত মানুষটি, ‘আরও দেরি করে এই ক্যাম্পের আয়োজন করলে হয়তো এর চাইতেও ভয়াবহ চিত্র দেখতে পেতে হতো। এখন অন্তত একটা সুযোগ তৈরি হয়েছে পুরো বিষয়টি বিশ্লেষণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করার এবং একটি নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা বা প্ল্যান ‘বি’ নিয়ে এগিয়ে যাবার। যার সময় আশাকরি এখনো হাতে আছে।’
তিনি যোগ করেন, ‘আমরা আশা করব করোনা আক্রান্ত সব খেলোয়াড়েরা দ্রুত সুস্থ হয়ে উঠে একটি নিরাপদ পরিবেশে মূল দলের সাথে যোগ দিয়ে সফল ক্যাম্প আয়োজনে ভূমিকা রাখবে। সবার জন্য শুভকামনা!’
অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে নিজেদের বাকি ম্যাচগুলো খেলবে। করোনা প্রাদুর্ভাবের আগে বাংলাদেশ খেলেছে ৪ ম্যাচ। বাকি ৪ ম্যাচের তিনটিই জামাল ভূঁইয়ারা খেলবে ঘরের মাঠে।
৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে সিলেটে করোনা পরবর্তী প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
আরো পড়ুন:
