আরো ৭ ফুটবলার করোনা পজিটিভ

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৯:৩১ পিএম

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ক্যাম্প শুরুর আগে করোনা বেশ বড় ধাক্কাই দিয়েছে বাংলাদেশ শিবিরে। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে আরো ৭ জন ফুটবলারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এনিয়ে দুই দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ জনে।

নতুন আক্রান্তরা হলেন- আবাহনী লিমিটেডের টুটুল হোসেন বাদশা, সোহেল রানা, শহীদুল আলম এবং বসুন্ধরা কিংসের মোহাম্মদ ইব্রাহীম, সুশান্ত ত্রিপুরা, রবিউল হাসান ও আনিসুর রহমান জিকো।

প্রথমে ৫ জনের কথা জানানো হলেও পরে রবিউল ও জিকোর করোনা পজিটিভ হওয়ার খবর এসেছে।

এর আগে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় প্রথম ধাপে ১১ ফুটবলারের মধ্যে ৩ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তারা হলেন- এম এস বাবলু, সুমন রেজা ও নাজমুল ইসলাম। আর নিজস্ব ব্যবস্থাপনা করানো পরীক্ষায় পজিটিভ হন বিশ্বনাথ ঘোষ।

শনিবার তৃতীয় ও শেষ ধাপে প্রাথমিক ক্যাম্পের স্কোয়াডে থাকা বাকি ফুটবলারদের (৭ জন) করোনা পরীক্ষা করানো হবে। অর্থাৎ করোনা আক্রান্তের সংখ্যাটা আরো বাড়ে কিনা এই শঙ্কা থাকছেই।

ঈদের আগেই বিশ্বকাপ বাছাইরে নিজেদের বাকি ৪ ম্যাচের জন্য ৩৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বাফুফে। যাদের মধ্যে ৩১ জনের বুধবার থেকে ধাপে ধাপে যোগ দেওয়ার কথা ছিল ক্যাম্পে।

ফুটবলারদের বিশ্বকাপ বাছাইয়ের আইসোলেশন ক্যাম্প হবে গাজীপুরের সারাহ রিসোর্টে। সেখানে যোগ দেওয়ার আগে নির্ধারিত দিনে বাফুফেতে রিপোর্ট করছেন ফুটবলাররা।

নিজেদের ব্যবস্থাপনায় করোনা পরীক্ষা করিয়েই রিপোর্ট করছেন ফুটবলাররা। এরপর বাফুফের ব্যবস্থাপনায় করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পরই কেবল তারা গাজীপুরের ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রথম দুই দিনে ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন ১৩ জন।

শনিবার তৃতীয় ধাপে করোনা পরীক্ষা করানো হবে- তৌহিদুল আলম সবুজ, তপু বর্মণ, মামুনুল ইসলাম মামুন, আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, ইয়াসিন খান ও নাবিব নেওয়াজ জীবনের।

প্রাথমিক ক্যাম্পের ৩৬ জনের মধ্যে দুই প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া ও তারিক রায়হান কাজীর পরে যোগ দেওয়ার কথা। আর ইনজুরি থেকে সেরে ওঠা মাশুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ ও মতিন মিয়াকে ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দেয়নি তাদের ক্লাব বসুন্ধরা কিংস। তিনজনকেই আরো কিছুদিন নিজেদের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্লাবটি।

আরো পড়ুন:

জাতীয় দলের ৪ ফুটবলার করোনায় আক্রান্ত

বুধবার থেকে ক্যাম্পে যোগ দেবেন ফুটবলাররা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত