চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগরীর টাইগার পাসে চসিকের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে সদ্য বিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণ শেষে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে নবনিযুক্ত প্রশাসক বলেন, ‘আমার ওপর অর্পিত দায়িত্ব সততার মাধ্যমে পালন করতে চাই। আপনারাও অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন। যারা দুর্নীতি করেছেন, আজ বিসমিল্লাহ করে তওবা করে ফেলুন। আমি যার কাছে অনিয়ম দেখব, দুই নাম্বারি দেখব, নগরবাসীর সঙ্গে যারা বেইমানি করবেন তাদের আমি কোনোভাবেই ছাড় দেব না। অন্যায়ের সঙ্গে আমি আপস করব না। ভুল করা অপরাধ নয়। কিন্তু ইচ্ছা করে ভুল করা অপরাধ। আজ থেকে ঠিক হয়ে যান।’
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সুজন বলেন, ‘আপনারা নগরীর সমস্যাগুলো তুলে ধরবেন। আমি ১৮০ দিন সময় পেয়েছি। এই ১৮০ দিনই রাস্তায় থাকব। আমার ভুল হতে পারে, তবে অসততা থাকবে না। ভুল যদি আপনারা দেখিয়ে দেন সেটা স্বীকার করার এবং সংশোধন করার সৎ সাহস আমার আছে।’ সিটি করপোরেশনকে দলীয় কার্যালয় বানাবেন না জানিয়ে নবনিযুক্ত প্রশাসক বলেন, ‘আমি রাজনীতি করব দলীয় কার্যালয় থেকে। সিটি করপোরেশনে বসে নগরবাসীর সেবা করব।’ এ সময় তিনি বিদায়ী মেয়রের অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো নির্ধারিত সময়ে শেষ করা এবং কাজের গতিকে সক্রিয় ও সচল রাখার ওপর জোর দেন।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নতুন প্রশাসককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘তৃণমূল থেকে উঠে আসা এবং পোড় খাওয়া নেতা খোরশেদ আলম সুজন। প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা তার ওপর আস্থা রেখেছেন। আশা করি তিনি শহরকে বাসযোগ্য ও নিরাপদ রাখতে পারবেন। আমার কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই করব।’
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে যেভাবে আপনারা ৫ বছর সহযোগিতা করেছেন, সেইভাবে নতুন প্রশাসককেও সহযোগিতা করবেন।’
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
