লেবাননের রাজধানী বৈরুতে গত মঙ্গলবার রাতের ভয়াবহ বিস্ফোরণে নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াবকে একটি বার্তা পাঠিয়ে শোক প্রকাশ করেছেন। এ ছাড়া লেবাননে খাদ্য, চিকিৎসাসামগ্রী ও মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ।
শেখ হাসিনা বার্তায় বলেছেন, ‘মঙ্গলবার রাতে বৈরুতে বিস্ফোরণে নিরীহ মানুষের প্রাণহানির জন্য বাংলাদেশের জনগণ ও সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি।’ বাংলাদেশ প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতিও জানিয়েছেন।
এ সংকটের সময় বাংলাদেশের জনগণ লেবাননের সরকারের পাশে দাঁড়াবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার দৃঢ়ভাবে বিশ্বাস যে, আপনার সুযোগ্য নেতৃত্বে লেবানন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে।’
শেখ হাসিনা উল্লেখ করেন যে, ইউএনএফআইএলের (লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী) অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয় বিস্ফোরণের সময় বন্দরে অবস্থান করছিল। জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নৌবাহিনীর ২১ সদস্য আহত হয়েছেন।
তিনি বলেন, ‘জানা গেছে যে, লেবাননে বসবাসরত কিছু বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। আমি বিশ্বাস করি, এই সংকটের সময়ে আপনার সম্মানিত সরকার তাদের দেখাশোনা করবে।’ প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মঙ্গলবার রাতে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৩৭ জন নিহত, কয়েক ডজন নিখোঁজ এবং কমপক্ষে ৫০০০ জন আহত হয়েছে।
মারাত্মক বিস্ফোরণে বন্দরের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে এবং শহরের কেন্দ্রস্থলে বিরাট এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চূড়ান্ত মৃত্যুর সংখ্যা এখনো উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খাদ্য, চিকিৎসাসামগ্রী ও মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ : লেবাননে খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসামগ্রী এবং মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সেদেশে বিস্ফোরণে নিহতদের বিষয়ে সহানুভূতি প্রকাশ করার সময় এসব বিষয় অবহিত করেন। এ সময় ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাসস।
