রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকার একটি ফ্ল্যাট থেকে জেরিন নামে এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় লাশটি উদ্ধার করা হয়। তার বাড়ি দিনাজপুর বলে জানিয়েছে পুলিশ। সে মোহাম্মদপুরে একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, কাদেরাবাদ হাউজিংয়ের ৫ নম্বর সড়কের ৩ নম্বর ভবনের দোতলার ফ্ল্যাট মেস হিসেবে ব্যবহার হয়। মেস চালাতেন জাকিয়া নামের এক নারী। তরুণীরা থাকে সেখানে। একটি কক্ষে ভাড়া নিয়ে থাকত জেরিন ও অপর এক তরুণী। ঈদের আগে অন্যরা যে যার মতো চলে যায়। জেরিন ফ্ল্যাটে ছিল। রত্মা নামে আরেক তরুণীও ছিল। তবে সে ঈদের দিন এক আত্মীয়ের বাসায় চলে যায়। গতকাল সকাল ১০টার দিকে সে মেসে ফেরে। নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই দুর্গন্ধ পায়। ডাইনিং রুমে গিয়ে জেরিনের গলিত লাশ দেখে চিৎকার করে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। রত্মার কাছ থেকে পুলিশ জেনেছে, মেয়েটির নাম জেরিন। বাড়ি দিনাজপুর। সে মোহাম্মদপুরে একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত বলে জানে রতœা। দিনের বেশির ভাগ সময় ঘুমাত এবং রাত জেগে ফোনে কথা বলত।
মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ দেশ রূপান্তরকে জানান, কি কারণে মেয়েটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। খাটের পাশে প্লাস্টিকের টুল পড়েছিল। ধারণা করা হচ্ছে, ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে গিয়ে ছিঁড়ে পড়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হতে পারে। ফ্যানে ওড়না প্যাঁচানো ছিল। মেয়েটি নেশাজাতীয় কিছু খেয়ে মারা যেতে পারে। সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হয়েছে। তার নাম জেরিন জানা গেলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
