ইউরোপার কোয়ার্টারে ইন্তার-ম্যানইউ

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৮:৫২ এএম

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্তার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন এবং শাখতার দোনেৎস্ক। ইন্তার ২-০ গোলে হারিয়েছে গেতাফেকে। ম্যান ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে লাস্ককে। রেড ডেভিলরা প্রথম লেগ ৫-০তে জিতে আগেই এক পা দিয়ে রেখেছিল শেষ আটে। আর ইন্তার-গেতাফের এক লেগের ম্যাচটি হয় নিরপেক্ষ ভেন্যু জার্মানির শালকের ক্লাব মাঠে।

২০১০-১১ মৌসুমের পর প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারল ইন্তার। ম্যাচের ৩৩ মিনিটে দলকে এগিয়ে দেন রোমেলু লুকাকু। এই গোলের মাধ্যমে ইউরোপা লিগে টানা ৮ ম্যাচে গোল করা হলো তার। এর আগে এই টুর্নামেন্টে টানা ৮ ম্যাচে গোল করেছিলেন নিউক্যাসলের অ্যালান শিয়েরার। তখন ইউরোপা লিগ পরিচিত ছিল উয়েফা। এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল পূর্ণ করেছেন লুকাকু। এর আগে ২০১০-১১ মৌসুমে স্যামুয়েল ইতো ইন্তারের হয়ে এক মৌসুমে ৩০ বা তার বেশি গোল করেছিলেন। ৭৬ মিনিটে পেনাল্টি পেয়েও গোল শোধ করতে পারেনি গেতাফে। ৮৩ মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ান এরিকসেন।

গত মার্চে লাস্কের মাঠে গিয়ে ৫ গোল নিয়ে ফিরেছিল ওলে গানার সোলসকায়েরের দল। ওল্ড ট্র্যাফোর্ডে নিয়মিত একাদশের অনেককেই এই ম্যাচের মূল একাদশে রাখেননি ওলে গানার সোলসকায়ের। ৫৫ মিনিটে ফিলিপ আগরেগেটের গোলে এগিয়ে যায় লাস্ক। পরে ৫৭ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল শোধ দেন জেসে লিংগার্ড। বদলি হিসেবে নামা অ্যান্থনি মার্শিয়াল ৮৮ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন। ১০ আগস্ট রাতে কোয়ার্টার ফাইনালে ড্যানিশ ক্লাব কোপেনহেগেনের মুখোমুখি হবে ইউনাইটেড। প্রথম লেগে ইস্তাম্বুল বাসাকসেহিরের কাছে ১-০ গোলে হেরেছিল কোপেনহেগেন। ফিরতি লেগে বুধবার রাতে কোপেনহেগেন ৩-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এছাড়া শাখতার দোনেৎস্ক ৩-০ গোলে হারিয়েছে উলসবুর্গকে। দুই লেগ মিলে ৫-১-এ জিতে কোয়ার্টারে উঠেছে শাখতার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত