করনোভাইরাস মহামারি মাথায় নিয়েই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থগিত হয়ে থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল’র ত্রয়োদশ আসর। কিন্তু ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টি নিয়ে এখনো তেমন সুরাহা নেই। তা আরও উসকে দিলেন কিংস ইলেভেন পাঞ্জাব দলের সহ-মালিক নেস ওয়াদিয়া।
তার মতে, টুর্নামেন্টে কেউ একজন আক্রান্ত হলেই ছারখার হয়ে যেতে পারে গোটা আসর।
পিটিআইকে ওয়াদিয়া বলেন, “অনেক জল্পনা চলছে।...আমরা খেলোয়াড় এবং তাদের সঙ্গে জড়িত অন্য সকলের নিরাপত্তা নিয়ে খুব উদ্বিগ্ন। এমনকি যদি টুর্নামেন্টে একজন কভিড-১৯ এ পজিটিভ হন তাহলে আইপিএল শেষ হয়ে যাবে।”
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে করোনা মহামারির কারণে স্থগিত হয়ে থাকা আইপিএল’র ত্রয়োদশ আসর। ১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৫৩ দিনের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের এই জনপ্রিয় আসর।
আইপিএলে ক্রিকেটারদের সুরক্ষার বিষয়ে অনেকটা অনিশ্চয়তার কথা শোনালেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার সুরেশ রায়নাও- “আসলে এই মৌসুমটা ক্রিকেটারদের জন্য খুবই চ্যালেঞ্জিং। সামাজিক দূরত্ব যেমন মানতে হবে, তেমনই মানতে হবে আরও নানাবিধ গাইডলাইনস। দেখা যাক!”
