কচুরিপানা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৯:২০ পিএম

মাদারীপুর জেলার শিবচরে পাট জাগ (পচানো) দেওয়ার কচুরিপানার ভাগ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর মাতুব্বর (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে পাট জাগ দিতে জন্য কচুরীপানা সংগ্রহ নিয়ে জাহাঙ্গীর মাতুব্বরের সঙ্গে বাচ্চু মাতুব্বরের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে টেঁটার আঘাতে জাহাঙ্গীর মাতুব্বরের মৃত্যু হয়। আহত হন আরো ৫ জন। আহতরা হলেন চায়না বেগম (৪০), কাদির মাদবর (৭০), জামাল হোসেন (৪৫) ও কামাল (৪০), রাজিয়া বেগম (৩৫)। 

আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে।

নিহত জাহাঙ্গীরের স্ত্রী নারগিস বেগম বলেন, সকালে জলাশয়ের কচুরীপানা নিয়ে কথাকাটাকাটির সময় আমার স্বামীকে বাচ্চু টেঁটা দিয়ে কুপিয়ে মেরে ফেলছে। তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি এ হত্যার বিচার চাই।

অভিযুক্ত বাচ্চু মাতুব্বরসহ ওই পক্ষের সবাইকে পলাতক থাকায় কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এবং সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত