ভারতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় পাইলটসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়।
শুক্রবার রাতে কেরালার কোঝিকোড় বিমানবন্দরের রানওয়েতে অবতরণের পরপরই বিমানটি ছিটকে পড়ে।
জানা গেছে, দুবাই থেকে কোঝিকোড় ফিরছিল বিমানটি। এতে মোট ১৯০ যাত্রী ছিল। দুর্ঘটনায় ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভারি বর্ষণের মধ্যে বিমানটি অবতরণের সময় শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। তবে বিমানে আগুন ধরেনি। যে কারণে প্রাণহানী খুব বেশি হয়নি।
আহতদের স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে।
ভারতের সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক এক বিবৃতিতে বলেছেন, উড়োজাহাজটি নামার সময় সেখানে প্রবল বৃষ্টি হচ্ছিল। সে কারণে উড়োজাহাজের চাকা পিছলে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
