টিকটক-উইচ্যাট বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০১:৩০ এএম

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ও মেসেজিং অ্যাপ উইচ্যাট বন্ধে বড় ধরনের পদক্ষেপ নিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি জানায়, বৃহস্পতিবার রাতে টিকটকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে লেনদেন নিষিদ্ধের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এদিন উইচ্যাটের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ট্যানসেন্টের সঙ্গে লেনদেন বন্ধেও একই ধরনের আদেশ দেন তিনি। চীনভিত্তিক দুটি টেক জায়ান্টের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযোগ, তারা চীনের কাছে যুক্তরাষ্ট্রের তথ্য পাচার করছে। মার্কিন প্রেসিডেন্ট এ দুটি অ্যাপকে ‘যুক্তরাষ্ট্রের জন্য হুমকি’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা সুরক্ষার স্বার্থে টিকটকের মালিকদের বিরুদ্ধে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে যুক্তরাষ্ট্রকে।

নির্বাহী আদেশে ট্রাম্প লেখেন, টিকটকের সংগৃহীত ব্যবহারকারীদের তথ্য মার্কিন সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি চালাতে চীনকে সুযোগ করে দেবে। সেই সঙ্গে প্রতারণা ও করপোরেট কেলেঙ্কারির জন্য তথ্য হাতিয়ে নেবে। হংকংয়ে চীনা কালো আইনবিরোধী বিক্ষোভ এবং চীনা মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী উইঘুরদের ওপর নিপীড়নের ঘটনা প্রকাশে টিকটক নিয়ন্ত্রণ আরোপ করেছে বলেও ইঙ্গিত করেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ও অ্যাপের বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে যাচ্ছে- টিকটক ও উইচ্যাটের নাম উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন ঘোষণার পরদিনই ট্রাম্প এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর আগে ১৫ সেপ্টেম্বর টিকটককে নিষিদ্ধ করা হতে পারে বলে সতর্ক করেন তিনি। গত বছর দুটি চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে ও জেটিইর সঙ্গে দেশটি চুক্তি বাতিল করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত