সিনহা হত্যায় জড়িত কেউই ছাড় পাবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৬:২৫ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় পুলিশের যে বা যারা জড়িত কেউই ছাড় পাবেন না। হত্যাকাণ্ডের সঙ্গে কক্সবাজারের এসপির কোনো সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শুক্রবার ধানমন্ডির নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, সাবেক মেজর সিনহার হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তারা প্রতিবেদন জমা দেবেন। তদন্ত কমিটির প্রতিবেদনের পরই মামলার জট খুলে যাবে বলে আশা করছি। জড়িতরা আইন অনুযায়ী সাজা পাবেন। তদন্তে যদি কক্সবাজারের এসপির বিষয়ে কিছু পাওয়া যায়, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩১ জুলাই রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়ায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট কক্সবাজার জুডিশিয়াল আদালতে হত্যা মামলা করেন তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলার ৯ আসামির মধ্যে ৭ জন গত বৃহস্পতিবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. হেলাল উদ্দিন। পরে মামলার তদন্ত সংস্থা র‌্যাবের আবেদনের শুনানি নিয়ে একই আদালত তিন আসামি টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও এসআই দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড মঞ্জুর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত