শোভনীয় নয় এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল শুক্রবার অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খালেদ আহমেদ বলেন, কিছু প্রাথমিক বিদ্যালয়ের নাম অশোভন। ভাষা ও
সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নিয়ে হাস্যরসের সৃষ্টি হচ্ছে। তাই এসব স্কুলের নাম পরিবর্তন করে ভাষা ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শোভনীয় নাম দেওয়া হবে।
খালেদ আহমেদ আরও বলেন, ‘কোনো বিতর্কিত ও উদ্ভট নাম রাখা যাবে না। যেসব স্কুলের এমন অসামঞ্জস্যপূর্ণ নাম আছে আমরা সেগুলোর তালিকা করছি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এ নিয়ে কাজ করবেন। ৩০ আগস্টের মধ্যে এসব স্কুলের নাম নেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে যথাযথ প্রক্রিয়ায় নাম পরিবর্তন করা হবে।’
সম্প্রতি নীলফামারী সদর উপজেলার ‘মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি ‘চোরেরভিটা’ নামের একটি স্কুল নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। অধিদপ্তর জানিয়েছে, এমন অপ্রাসঙ্গিক নামের প্রায় কয়েকশ স্কুল রয়েছে।
