শীর্ষ শত কোটিপতির ক্লাবে জাকারবার্গ

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৬:৫২ এএম

বিশ্বের অতিধনীদের সবচেয়ে বিশেষ ক্লাবে নিজের নাম লেখালেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। গত বৃহস্পতিবার জাকারবার্গ শত কোটিপতি হয়েছেন। এদিন তার সম্পদ বেড়ে ১০০ বিলিয়ন ডলার হয়েছে।

খুদে ভিডিও শেয়ারিংয়ের চীনা অ্যাপ টিকটকের বিকল্প হিসেবে ‘ইন্সটাগ্রাম রিলস’ নামের নতুন একটি ভিডিও ফিচার যুক্তরাষ্ট্রে চালুর ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার তার সম্পদের পরিমাণ শতকোটি ডলারে পৌঁছায়। ফলে অ্যামাজনের জেফ বেজোস ও মাইক্রোসফটের বিল গেটসের সঙ্গে বিশে^র অতিধনীর ক্লাবে যুক্ত হলেন জাকারবার্গ। বিশে^ ধনকুবেরদের তালিকা প্রস্তুতকারী ব্লুমবার্গ বিলিয়নেয়ার্সের তথ্য বলছে, ২০০৪ সালে হার্ভার্ডে পড়াকালে

বন্ধুদের সঙ্গে ফেইসবুক প্রতিষ্ঠা করেন জাকারবার্গ।

সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট এই কোম্পানিতে এখনো ১৩ শতাংশ মালিকানা রয়েছে তার। ৩৬ বছর বয়সী মার্ক জাকারবার্গ ফেইসবুকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। একই সঙ্গে অন্য অংশীদারদেরও নিয়ন্ত্রণ করেন তিনি। টিকটকের মতোই ফিচারযুক্ত ইন্সটাগ্রাম রিলস চালুর এক দিন পর গত বৃহস্পতিবার ফেইসবুকের শেয়ারের দাম সাড়ে ৬ শতাংশ বেড়েছে। আর এতেই জাকারবার্গের সম্পদে দেখা গেছে উল্লম্ফন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে দেশে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধের হুমকি দেওয়ার পর ইন্সটাগ্রাম রিলস চালু করে ফেইসবুক। কয়েক বছর ধরে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে টিকটক। এই অ্যাপের মাধ্যমে চীন সরকার ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিচ্ছে বলে সম্প্রতি অভিযোগ তোলে ওয়াশিংটন ডিসি প্রশাসন। বৃহস্পতিবার টিকটকের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর ব্যবসা বন্ধের নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই নির্বাহী আদেশে স্বাক্ষরের ফলে যুক্তরাষ্ট্রে আগামী ৪৫ দিন পর টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাউটড্যান্সের সঙ্গে সব লেনদেন নিষিদ্ধ হয়ে যাবে।

ব্লুমবার্গ বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ফেইসবুকের শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে; যা জাকারবার্গের ব্যক্তিগত সম্পদে আরও যোগ করেছে ২ হাজার ২০০ কোটি ডলার। অন্যদিকে, অ্যামাজনের জেফ বেজোসের বেড়েছে ৭ হাজার ৫০০ কোটি ডলার। রিলস চালুর এক সপ্তাহ পর বৃহস্পতিবার ফেইসবুক জানায়, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামসহ ফেইসবুকের অন্যান্য প্ল্যাটফর্মে রিলসের ব্যবহারকারী ৩০০ কোটিতে পৌঁছেছে। করোনা মহামারীকালে মানুষের ঘরবন্দি জীবনে ব্যবহার বেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত