কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির পলায়ন

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৬:৫৯ এএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আবু বকর সিদ্দিক নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি পালিয়ে গেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পালিয়ে যান।

এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে প্রধান কারারক্ষীসহ ছয়জনকে সাময়িক বরখাস্ত এবং আরও ছয় কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে কারা কর্র্তৃপক্ষ।

আবু বকরের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডি পুর গ্রামে। তিনি ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আসেন। ২০১২ সালের ২৭ জুলাই সাজা সংশোধন করে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এসএম তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপ করতে গিয়ে আবু বকর সিদ্দিকের অনুপস্থিতি টের পাওয়া যায়। কারাগার বড় হওয়ায় প্রথমে ধারণা করা হয়, তিনি হয়তো কোথাও লুকিয়ে আছেন। তবে আজ (গতকাল) বিকেল পর্যন্ত কারাগারের কোথাও তাকে না পেয়ে কারাগারের জেলার মো. বাহারুল ইসলাম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানায় মামলা করেন।

২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায় আবু বকর আরেকবার কারাগারে আত্মগোপন করেছিলেন। পরে সেল এলাকার সেপটিক ট্যাংক থেকে তাকে উদ্ধার করা হয়। এবার কারাগারের ১৮ ফুট উচ্চতার সীমানা প্রাচীর টপকে আবু বকর পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রধান কারারক্ষী, সহকারী প্রধান কারারক্ষী ও চার কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং আরও ছয় কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এছাড়া অতিরিক্ত আইজি প্রিজনস কর্নেল আরবার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান ডিসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত