ইউরোপার কোয়ার্টার ফাইনালে উলভারহ্যাম্পটন-সেভিয়া

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৭:১৯ এএম

ইউরোপা লিগের প্রি-কোয়ার্টারের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ১-০ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোসকে। তাতে দুই লেগ মিলে ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে উলভসরা। ১৯৭২ সালের পর প্রথমবারের মতো ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংলিশ এই ক্লাবটি। জার্মানিতে এক লেগের ম্যাচে সেভিয়া ২-০ গোলে এএস রোমাকে হারিয়ে কোয়ার্টারে উঠেছে। এছাড়া কোয়ার্টার নিশ্চিত করেছে লেভারকুসেন ও এফসি বাসেল।

নিজেদের মাঠে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় উলভস। দলটির পর্তুগিজ উইঙ্গার ড্যানিয়েল পোডেন্স ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি দেন রেফারি। মেক্সিকান রায়ুল জিমেনেজ গোল করেন। ম্যাচের ৬২ শতাংশ সময় বল দখলে রেখেও হার এড়াতে পারেনি অলিম্পিয়াকোস। অবশ্য ম্যাচের ২৮ মিনিটে গোল করেছিল অলিম্পিয়াকোস কিন্তু ভিএআরের মাধ্যমে অফসাইডের কারণে তা বাতিল হয়। সেভিয়া ও রোমার ম্যাচটি এক লেগের হয়, কারণ করোনাভাইরাসের কারণে মার্চে হয়নি এই দুই দলের প্রথম লেগ। তাই নিরপেক্ষ ভেন্যুতে এক লেগে হয় ম্যাচটি। সেভিয়ার পক্ষে ম্যাচের ২১ মিনিটে সার্জিও রেগুইলন এবং ৪৪ মিনিটে ইউসুফ এন-নেসরি গোল করেন। ১১ আগস্ট কোয়ার্টারে মুখোমুখি হবে উলভস ও সেভিয়া।

ইন্তারের প্রতিপক্ষ লেভারকুসেন

ইউরোপা লিগের প্রি-কোয়ার্টারের রেঞ্জার্সের বিপক্ষে প্রথম লেগ ৩-১ গোলে জিতে আগেই কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছিল জার্মানির ক্লাব বায়ার লেভারকুসেন। বৃহস্পতিবার দ্বিতীয় লেগে লেভারকুসেন ১-০ গোলে হারিয়েছে রেঞ্জার্সকে। ফলে দুই লেগ মিলে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে লেভারকুসেন। ১০ আগস্ট কোয়ার্টার ফাইনালে ইন্তার মিলানের মুখোমুখি হবে লেভারকুসেন।

বাসেলের জয়

ইউরোপা লিগে এফসি বাসেলের কোয়ার্টার ফাইনালে ওঠা বলতে গেলে নিশ্চিত ছিল আগেই। প্রতিপক্ষ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে প্রথম লেগে ৩-০তে জিতে ছিল বাসেল। বৃহস্পতিবার দ্বিতীয় লেগে নিজেদের মাঠে বাসেল ১-০ গোলে হারিয়েছে ফ্রাঙ্কফুর্টকে। ১১ আগস্টের কোয়ার্টার ফাইনালে বাসেলের প্রতিপক্ষে শাখতার দোনেৎস্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত