করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। সে সময়টিতে সমর্থকরা ক্রিকেটকে কতটা মিস করেছে তা বোঝা গেল নতুন এক জরিপে। ফেইসবুকের মালিকানাধীন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্রাউডট্যাঙ্গেল জানিয়েছে, ভিডিও দেখার দিক থেকে চলতি বছরে স্পোর্টস ক্যাটাগরিতে শীর্ষস্থান দখল করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসিও এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে প্রথম ছয় মাস তাদের ফেইসবুক চ্যানেলে প্রায় ১৬৫ কোটির মতো ভিউ হয়েছে। সবচেয়ে বেশি ভিউ পেয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইভেন্ট। ফেইসবুকের আইসিসি পেজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভিডিও ৭৪ কোটি ৭০ লাখ ভিউ হয়েছে। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিউ ১১০ কোটি বার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। সেদিন ম্যাচটি ফেইসবুকে দেখেছে ৪৪ লাখ দর্শক, যা এক দিনের হিসাবে সর্বোচ্চ ভিউ।
×
