রিয়ালের হারের জন্য নিজেকে দুষছেন ভারানে

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৩:৩০ পিএম

শেষ ষোলোর ফিরতি লেগেও ম্যানচেস্টার সিটির কাছে হারায় এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেই বিদায় ঘণ্টা বেজেছে রিয়াল মাদ্রিদের। নিজের ভুলের কারণে দলকে ম্যাচটিতে হারতে হয়েছে বলে মনে করেন রাফায়েল ভারানে। তাই হারের দায় নিজের ঘাড়ে নিলেন ফরাসি এই সেন্টার-ব্যাক।

শুক্রবার স্বাগতিক সিটির মাঠে ফিরতি লেগের লড়াইয়ে ২-১ গোলে হারে রিয়াল। মূলত ভারানের ভুলের কারণেই ম্যাচটিতে দুটি গোল পেয়ে যায় ম্যানসিটি। ২০০৭-৮ সালের চ্যাম্পিয়নস লিগের পর রিয়ালের আর কোনো ডিফেন্ডার এক ম্যাচে এমন দুইটি ভুল করেননি।

দুবারই ভারানের ভুল কাজে লাগিয়েছেন ম্যানসিটির গাব্রিয়েল জেসুস। শুরুতেই সতীর্থ রাহিম স্টার্লিংকে দিয়ে গোল করানোর পর দ্বিতীয়ার্ধে নিজে গোল করেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার।

ম্যাচ শেষে নিজের ভুল শিকার করে এর দায়ও নিলেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ভারানে- “এই পরাজয়টা আমার। এটা আমাকে মেনে নিতে হবে। আমি দলের ও সতীর্থদের জন্য দুঃখিত। দায়টা নিজের কাঁধেই নিচ্ছি আমি।”

“আমরা প্রস্তুতি ভালোমতো নিয়েছিলাম। কিন্তু এই পর্যায়ে এ রকম ভুল করলে সেটার মাশুল আপনাকে দিতে হবে। আমি জানি না কেন এমন হয়েছে। তবে ফুটবলে এরকম হয়। খুব কঠিন একটা রাত গেল আমার জন্য।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত