কার্তিকের পারিশ্রমিক ১১ কোটি

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১২:৪৩ এএম

তেলেগু সিনেমার ‘হার্টথ্রব’ আল্লু অর্জুন-পূজা হেগড়ে জুটি ও বলিউড তারকা টাবু অভিনীত ‘আলা ভাইকুন্তাপুরামলো’ মুক্তি পেয়েছিল এ বছরের ১২ জানুয়ারি। মুক্তির পরই বক্স অফিসে ধুন্ধুমার ব্যবসা করে ছবিটি। ১০০ কোটি রুপি খরচ করে বানানো ছবিটি বক্স অফিসে তুলে এনেছিল ২৬২ কোটি রুপি। দর্শকের সেই উন্মাদনার স্মৃতি ফুরিয়ে যেতে না যেতেই প্রযোজক এই সিনেমার হিন্দি ভার্সন নির্মাণের কথা ভাবছেন। হিন্দি রিমেকে আল্লু অর্জুনের জায়গায় দেখা যাবে বলিউডের নতুন হার্টথ্রব কার্তিক আরিয়ানকে। ইতিমধ্যে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।  কার্তিককে এই ছবির জন্য ১০ কোটি রুপির বেশি পারিশ্রমিক দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ২০ লাখ টাকার বেশি।

এর আগেও অসংখ্য দক্ষিণ ভারতীয় ছবির হিন্দি রিমেক মারমার কাটকাট ব্যবসা করেছে। তার সর্বশেষ সংযোজন ‘কবির সিং’। তেলেগু ভাষার ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেকের সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে একই ফর্মুলা খাটিয়ে শহীদ কাপুর আবারও অভিনয় করছেন তেলেগু সিনেমা ‘জার্সি’ হিন্দি ভার্সনে।

কার্তিক আরিয়ান এই মুহূর্তে বলিউডের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া তরুণ তারকাদের একজন। বলিউডের বাইরে থেকে এসে সফলভাবে জায়গা করে নেওয়া তারকাদের তালিকার সর্বশেষ সংযোজন কার্তিক। ‘সোনু কে টিটু কি সুইটি’র সফলতার পর কার্তিককে  আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের ছবি ‘লুকা ছুপি’ও ব্লকবাস্টার হিট। তরতর করে বাড়ল কার্তিকের দর। ‘পতি, পতœী ঔর ও’ ছবিটিও ভালোই চলেছে বক্স অফিসে। সারা আলী খানের সঙ্গে জুটি বেঁধে ইমতিয়াজ আলী পরিচালিত ‘লাভ আজকাল’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও প্রশংসা পেয়েছে কার্তিকের অভিনয়। এখন কার্তিক আরিয়ান ব্যস্ত ‘ভুল ভুলাইয়া টু’ ও  দোস্তানা টু’ ছবি দুটো নিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত