মেহেরপুরে পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে সম্পর্ক রক্তের, চীনের সঙ্গে অর্থনৈতিক

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৫:৫৬ এএম

ভারতের সঙ্গে সমুদ্র, সীমান্ত, নিরাপত্তাসহ বড় বড় সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘ছোট যেসব সমস্যা আছে, তাও ঠিক হয়ে যাবে। মনে রাখতে হবে, ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। আর চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অর্থনৈতিক।’

গতকাল শনিবার মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ভারত ও চীনের মধ্যকার গণ্ডগোল নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আগামী বছর আমরা ভারতকে নিয়ে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব করব। কেননা আমাদের বিজয় মানে ভারতের বিজয়। আবার ভারতের বিজয় মানে আমাদের বিজয়।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের টিকা আবিষ্কারে ভারত ও পাকিস্তান অন্য দেশগুলোর সঙ্গে যৌথভাবে গবেষণা করছে। আমাদের যুক্ত হতে না পারা দুঃখজনক। অবশ্য আমরা টিকা পেতে ইউরোপে অনেক টাকা দিয়ে রেখেছি। চীন আমাদের করোনার টিকা দিতে চেয়েছে এবং প্রায় ৮ হাজারের বেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এ নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি কিংবা বিতর্ক তৈরি হয়নি। তবে এটি নিয়ে কেউ কেউ রাজনীতির চেষ্টা করছেন।’

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর জীবিত পাঁচ খুনির মধ্যে দুজনের সন্ধান মিলেছে। একজন আমেরিকা, অন্যজন কানাডায় আছেন। মুজিববর্ষে এদের একজনকে দেশে আনার জোর প্রচেষ্টা চলছে। যাদের আনা সম্ভব হচ্ছে না, সেখানকার দূতাবাসগুলোকে মাসে অন্তত একবার লোকজন নিয়ে খুনিদের বাসার সামনে অবস্থান করতে বলা হয়েছে। এতে তারা জনগণের কাছে ধিকৃত হবে।’

এর আগে গত শুক্রবার রাত ৯টায় মন্ত্রী মেহেরপুরে আসেন। গতকাল সকালে তিনি ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত