কালিকট বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। এই বক্সেই সঞ্চিত থাকে বিমানের অবস্থান ও উচ্চতা সংক্রান্ত তথ্যসহ চালকদের কথোপকথন। দুর্ঘটনার সময়কার পরিস্থিতিসহ অনেক প্রশ্নেরই উত্তর মিলবে উদ্ধার হওয়া এই ডাটা রেকর্ডার থেকে। এনডিটিভি বলছে, ব্ল্যাক বক্স উদ্ধারের পর বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ উদঘাটনের ক্ষেত্রে আশার আলো দেখছেন তদন্তকারীরা। এনডিটিভি বলছে, কী করে ভয়ংকর ওই বিমান দুর্ঘটনা ঘটল, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ও সহযোগী পাইলট কী বলছিলেন, তারা কি বুঝতে পেরেছিলেন রাতে প্রবল বৃষ্টির মধ্যে বিমান অবতরণের চেষ্টা বিপজ্জনক হতে পারে; এই প্রশ্নগুলোর উত্তর মিলতে পারে ব্ল্যাক বক্সের ডাটা বিশ্লেষণের পর।
ব্ল্যাক বক্সের মধ্যে থাকে দুটি রেকর্ডারÑ একটি ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডার (ডিএফডিআর) এবং একটি ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর)। ডিএফডিআর বিমানটি কোন উচ্চতায় উড়ছিল, তার অবস্থান কোথায় ছিল এবং বিমানের গতি কী ছিল সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে। আর সিভিআর বিমান চালকদের মধ্যে হওয়া সব কথোপকথনের রেকর্ড রাখে। উদ্ধার হওয়া এই ব্ল্যাক বক্স থেকে তদন্তকারী কর্মকর্তারা দুর্ঘটনার আগের প্রতিটি মুহূর্তের ব্যাপারে জানতে পারবেন বলে আশা করা হচ্ছে।
দুই টুকরো হয়ে যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজটির ১৮ আরোহীর মৃত্যু হয়েছে। আহত ১৭২ জনের মধ্যে অন্তত ১৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে গতকাল শনিবার জানায় রয়টার্স। অবশ্য স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলছে, ১৫৬ জনের আঘাত গুরুতর। তাদের চিকিৎসা চলছে। দুবাই থেকে ১৯০ জন আরোহী নিয়ে গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কেরালার কালিকট বিমানবন্দরে অবতরণের সময় ফ্লাইট আইএক্স ১৩৪৪ দুর্ঘটনায় পড়ে। প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের সময় সেটি রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যায়।
