বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা : কাদের

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৭:০২ এএম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক ৭ মার্চের ভাষণের আগ মুহূর্তে বঙ্গমাতাই তাকে চূড়ান্ত অনুপ্রেরণা জুগিয়েছিলেন। স্বাধীনতাসহ সকল গৌরব অর্জনের নেপথ্য প্রেরণাদাত্রী ছিলেন তিনি।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সংসদ ভবনের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন।

গতকাল সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মবার্ষিকী পালন করা হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া সুবিধাভোগীদের তালিকা অনুযায়ী ৬৪ জেলায় ৩২০০ সেলাই মেশিন এবং ১৩০০ জন দুস্থ ও অসহায় নারীর মধ্যে দুই হাজার টাকা করে বিতরণ করে। একই সঙ্গে গোপালগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বঙ্গমাতার সঙ্গে খ্যাতিমান নারী এলিনর রুজভেল্টের অনেক সাদৃশ্য রয়েছে। তারা দুজনেই শৈশবে মা-বাবাকে হারান এবং চাচাতো ভাইকে বিয়ে করেন। আর দুজনই স্বামীর রাজনীতিতে অসামান্য ভূমিকা রেখেছেন। এরপরও এই দুই নারীর মধ্যে পার্থক্য হচ্ছে, শেখ ফজিলাতুন্নেছা মুজিব একটি রাষ্ট্রের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে প্রত্যক্ষ অবদান রেখেছেন। কিন্তু এলিনর রুজভেল্টের ক্ষেত্রে তা হয়নি।’

এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে দলের পক্ষে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর দলের সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল আখাউড়ায় আলোচনা সভা ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। মাগুরা প্রতিনিধি জানান, জন্মবার্ষিকীতে জেলায় দুস্থ নারীদের মাঝে দুই হাজার টাকা করে ও ২৪টি সেলাই মেশিন বিতরণ করেছে জেলা প্রশাসন এবং জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর। অনুষ্ঠানে মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি ছিলেন।

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, গতকাল সকালে বঙ্গমাতার জীবনের ওপর আলোচনা সভা হয়। সেখানে বক্তারা শেখ ফজিলাতুন্নেছার বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন। পরে উপজেলার ৬ দুস্থ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।

নড়াইল প্রতিনিধি জানান, জন্মবার্ষিকী উপলক্ষে জেলার ১৮ দুস্থ নারীকে সেলাই মেশিন ও ২০ জনকে দুই হাজার করে ৪০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক আনজুমান আরা। মাদারীপুর প্রতিনিধি জানান, বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ২৪ দুস্থ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক, খুলনা জানান ‘বঙ্গমাতার ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ সেøাগানে খুলনায় বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন মহানগরীর ১২ দুস্থ নারীর হাতে একটি করে সেলাই মেশিন ও ২০ জনকে দুই হাজার করে টাকা তুলে দেন। এছাড়া খুলনার প্রতিটি উপজেলায় ছয়জন দুস্থ নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়।

চট্টগ্রাম ব্যুরো জানায়, বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ দোয়ার আয়োজন করে। সেখানে বিদায়ী সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গমাতা খুবই দূরদর্শী ছিলেন। এজন্য বঙ্গবন্ধু যখন কারাগারে, তখন তাকে কাগজ-কলম জুগিয়ে লেখালেখিতে উৎসাহ দেন তিনি। সেই তাগিদ থেকেই আমরা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’র মতো বই পেয়েছি।’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল উপজেলায় আলোচনা সভা ও ছয়জন দুস্থ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত