লাইফ সাপোর্টে সংগীত পরিচালক আলাউদ্দিন আলী

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৭:২৮ এএম

সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর অবস্থা সংকটাপন্ন। রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গতকাল শনিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে জানিয়েছেন, আলাউদ্দিন আলী ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আগামী ২৪ ঘণ্টা তার জন্য ঝুঁকিপূর্ণ।

আলাউদ্দিন আলীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার ছেলে শওকত আলী। বাবার অসুস্থতা নিয়ে যেন কোনো ধরনের গুজব ছড়ানো না হয়, সে অনুরোধও করেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, বাসায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোর সাড়ে ৫টায় অ্যাম্বুলেন্সে করে আলাউদ্দিন আলীকে হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসক পরীক্ষা করে দেখেন, তার অক্সিজেন মাত্রা খুবই কম। শ্বাসকষ্ট হচ্ছে। এমন অবস্থায় দ্রুত তাকে ভেন্টিলেটরে নেওয়া হয়।

আলাউদ্দিন আলী বেশ কয়েক বছর ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৫ সালের ৩ জুলাই তাকে চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যানসারেরও চিকিৎসা হয়। এর আগে বেশ কয়েক দফায় তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তাও করেন। এ পর্যন্ত ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। তার সুর করা গানের সংখ্যা ৫ হাজারেরও বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত