জরুরি ভিত্তিতে বিচারবহির্ভূত হত্যা ও গুম বন্ধে চার দফা প্রস্তাবনা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। গতকাল শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রস্তাবনা তুলে ধরেন দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার।
প্রস্তাবনার মধ্যে রয়েছে, বিচারবহির্ভূত হত্যা ও গুম নিষিদ্ধ করা, সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা, ঔপনিবেশিক পুলিশি আইন ও ব্যবস্থা সংস্কারে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন এবং রাষ্ট্রীয় সব অস্ত্রধারী প্রতিষ্ঠানকে সাংবিধানিক শৃঙ্খলায় রাখা ও আনুগত্য নিশ্চিত করা।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার নিন্দা জানিয়ে জেএসডি নেতারা বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আগেই বন্ধ করা হলে সিনহাকে অকালে প্রাণ দিতে হতো না। এখনই এ ধরনের ঘটনা প্রতিরোধ করতে না পারলে ভবিষ্যতে ভয়ংকর পরিণতি ডেকে আনবে।’
