আজহারের নেতৃত্বের ‘মাশুল গুনেছে’ পাকিস্তান

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৮:৫৮ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরু থেকেই দাপট ছিল পাকিস্তানের। প্রতিপক্ষকে ২৭৭ রানের লক্ষ্য দিয়ে দারুণ বোলিংয়ে ম্যাচটা রেখেছিল নিজেদের নিয়ন্ত্রণে। কিন্তু ১১৭ রানে ৫ উইকেট হারানোর পরও ক্রিস ওকস ও জস বাটলারের প্রতিরোধে ৩ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিক ইংল্যান্ড।

ম্যাচটিতে ধারাভাষ্যকার হিসেবে থাকা কিংবদন্তি ওয়াসিম আকরাম বলছেন, অধিনায়ক আজহার আলির কৌশলগত ভুলের মাশুল দিয়েছে পাকিস্তান। দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম তাই বেশ হতাশ।

ম্যাচের পর ওয়াসিম বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে হার যন্ত্রণা দেবে। পাকিস্তান দল ও দেশটির ক্রিকেটপ্রেমীদের এই হার যন্ত্রণা দেবে। জয়-পরাজয় ক্রিকেটের একটি অংশ। কিন্তু আমার মনে হয়, তার (আজহার আলি) নেতৃত্বের দিক বিবেচনায় আমাদের অধিনায়ক এই ম্যাচে বেশ কয়েকবার কৌশলগত ভুল করেছে।’

বিপর্যয়ের মাঝে ওকস (অপরাজিত ৮৪) ও বাটলার (৭৫) ষষ্ঠ উইকেটে ১৩৯ রানের জুটি গড়েন। পাকিস্তানের টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল বোলার মনে করেন এই দুজনকে থিতু হওয়ার সুযোগ করে দিয়েছে পাকিস্তান।

ওয়াসিম বলেন, ‘যখন ওকস উইকেটে আসে, কোনো বাউন্সার, শর্ট বল করা হয়নি। তাকে তারা থিতু হতে দিয়েছে এবং রানও খুব সহজে আসছিল। যখন জুটিটি এগোতে শুরু করল, কিছুই কাজ করেনি, টার্ন-সুইং কিছুই না। বাটলার ও ওকস কেবল পাকিস্তানের হাত থেকে ম্যাচটি বের করে নিয়ে গেল।’

দুই ফাস্ট বোলার নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদিকে কম ব্যবহার করার সমালোচনাও করেছেন ৫৪ বছর বয়সী ওয়াসিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত