গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, সংগীতজ্ঞ আলাউদ্দিন আলীর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
রাষ্ট্রপতি সুরকার আলাউদ্দিন আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দীর্ঘদিন ধরে আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন। ২০১৫ সালের ৩ জুলাই তাকে ব্যাংকক নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর জানা যায়, ফুসফুসে একটি টিউমার রয়েছে। এর পর অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যানসারের চিকিৎসাও চলছিল। এর আগে বেশ কয়েক দফায় আলাউদ্দিন আলীকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাতবার সংগীত পরিচালক ও একবার গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আলাউদ্দিন আলী। বছর দেড়েক আগে তার চিকিৎসায় ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলাউদ্দিন আলীর উল্লেখযোগ্য গানগুলো হলো: সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, যে ছিল দৃষ্টির সীমানায়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, এই দুনিয়া এখন তো আর, আছেন আমার মোক্তার, সুখে থাকো ও আমার নন্দিনী, যেটুকু সময় তুমি থাকো কাছে, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, চোখের নজর এমনি কইরা, এমনও তো প্রেম হয়, কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না, জন্ম থেকে জ্বলছি মাগো, একবার যদি কেউ ভালোবাসতো, দু:খ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, বাবা বলে গেলো আর কোনোদিন, ভেঙেছে পিঞ্জর, বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম, আমায় গেঁথে দাও না মাগো, আমি আছি থাকবো, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, এ সুখের নেই কোনো সীমানা, বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে, কিছু কিছু মানুষের জীবনে, ইস্টিশনের রেলগাড়িটা।
