করোনা প্রতিরোধক তোশক ব্যবহার করছেন মেসি

আপডেট : ১০ আগস্ট ২০২০, ১২:৩৫ এএম

করোনা থেকে বাঁচতে বাড়িতে বাড়তি করোনা প্রতিরোধক তোশক ব্যবহার করছেন লিওনেল মেসির মতো তারকারা।

কী অবাক হলেন। হ্যাঁ, করোনা প্রতিরোধক তোশক। এই তোশক চার ঘণ্টার মধ্যে করোনার জীবাণু মারতে সক্ষম বলে দাবি করেছে প্রস্তুতকারক সংস্থা।

মেসি অবশ্য সেই তোশক কেনেননি। যে সংস্থা এই তোশক তৈরি করেছে তারাই বার্সেলোনা তারকাকে এটি উপহার দিয়েছে। ‘টেক মুন’ নামের সেই তোশকের উপর এখন মেসি ও তার পরিবারের সদস্যরা ঘুমোচ্ছেন।

মেসি, সল নিগেজ ও সার্জিও আগুয়েরো, তিনজনকেই এই তোশক উপহার দিয়েছে প্রস্তুতকারক সংস্থা। মেসিদের এই তোশক নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে।

এই তোশক ৯৯.৮৪ শতাংশ করোনার জীবাণু ধ্বংস করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, এই তোশকের সুতোয় রয়েছে অতি সূক্ষ্ম কণা। সেই কণা ভাইরাস মারতে সক্ষম।

করোনা আক্রান্ত কেউ এই তোশকে ঘুমোলে তার শরীরে থাকা করোনার জীবাণু মেরে ফেলতে পারবে এই তোশক। করোনার থেকেও পাঁচ গুণ ছোট জীবাণুনাশক কণা ব্যবহার করে এই তোশক তৈরি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এই প্রতিরোধ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘ভাইরাক্লিন’। এই খবর সামনে আসার পরই বাজারে এই তোশক নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কেনার জন্য খোঁজ শুরু করেছেন অনেকে। মহামারির হাত থেকে বাঁচার জন্য ভ্যাকসিন আসার আগে তোশককেই ঢাল বানাতে চাইছেন অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত