ইউনিয়ন যুবলীগ নেতার দম্ভোক্তি

‘এমপির দল করি শেখ হাসিনার নয়’

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৫:৩০ এএম

খুলনার পাইকগাছায় আজিজুল হাকিম নামে এক যুবলীগ নেতার সঙ্গে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ ফেইসবুকে ভাইরাল হয়েছে। ওই কথোপকথনের এক পর্যায়ে চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ মুনসুর আলীর উদ্দেশে এই যুবলীগ নেতাকে বলতে শোনা যায়, ‘আমি শেখ হাসিনার দল করি না, এমপি আকতারুজ্জামান বাবুর দল করি। এমপি যেদিন দল ছাড়বে, আমিও সেদিন দল ছাড়ব।’ গতকাল রবিবার সকালে ওই কথোপকথনের পর এর অডিও ক্লিপ দ্রুত স্থানীয় নেতাকর্মীদের মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে। পরে তা ফেইসবুকে ভাইরাল হয়। যুবলীগ নেতা হাকিমের এই দম্ভোক্তিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

আজিজুল হাকিম উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু তাকে পালসার ব্র্যান্ডের একটি মোটরসাইকেল কিনে দিয়েছেন বলে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

কথোপকথনের ব্যাপারে জানতে চাইলে চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুনসুর আলী দেশ রূপান্তরকে বলেন, ‘ওই ছেলেটি (আজিজুল হাকিম) আমার কাছে ফোন করে জানতে চায়, আমি স্থানীয় আওয়ামী লীগের কোন পক্ষে। আমি তাকে বলেছি, আমি বঙ্গবন্ধুর আদর্শ মেনে আওয়ামী লীগের রাজনীতি করি। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দল করি। আমি কারও পক্ষ হয়ে দল করি না। এক পর্যায়ে সে আমাকে উল্টাপাল্টা কথা বলে। আসলে এই সুবিধাবাদীরা দলের জন্য ক্ষতিকর। এরা সুযোগসন্ধানী। তার বিরুদ্ধে দ্রুত দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

পাইকগাছা উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনিসুর রহমান মুক্ত দেশ রূপান্তরকে বলেন, ‘কল রেকর্ডটি আমিও শুনেছি। সে (আজিজুল হাকিম) যে কথা বলেছে তা সম্পূর্ণ সংগঠন পরিপন্থী বক্তব্য এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ। তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিতে দলীয় হাই কমান্ডের কাছে সুপারিশ করা হবে।’

এদিকে আজিজুল হাকিমের বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে দ্রুত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় যুবলীগের একাধিক নেতা জানিয়েছেন, আজিজুল হাকিম এর আগে দলের কোনো পদে ছিলেন না। এই প্রথম যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হয়েছেন। এর আগে বর্তমান সংসদ সদস্যের সঙ্গে দলের বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিয়েছেন। এর পুরস্কার হিসেবে সাংসদ তাকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছেন। তার বিরুদ্ধে এলাকায় দখলবাজি এবং বিভিন্ন ব্যক্তিকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগের ব্যাপারে জানতে আজিজুল হাকিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আজিজুল হাকিমের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সাংসদ আকতারুজ্জামান বাবু দেশ রূপান্তরকে বলেন, ‘আমি খুব অসুস্থ, এখন কথা বলতে পারছি না। পরে কথা বলব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত